তপন মাহমুদ। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ শুরু হচ্ছে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। পাঁচ দিনের এই উৎসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব...
এটা আমাদের ২৫তম আয়োজন। তাই এবারের আয়োজনকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। পাঁচ দিনের এই উৎসবে ঢাকাসহ সারা দেশ থেকে আসা ১৫০ জন শিল্পী একক গান করবেন। কলিম শরাফী ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর থেকে ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। উৎসবের অন্যতম আকর্ষণ ‘শতকণ্ঠে রবীন্দ্রসংগীত’। তা থাকবে প্রতিদিনই।
সম্মাননা প্রদান...
এবার আমরা দুজনকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই প্রথম বছর থেকে অধ্যাপক আনিসুজ্জামান আমাদের সঙ্গে নানাভাবে আছেন। সব সময় তাঁকে আমাদের পাশে পেয়েছি। এবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে সম্মাননা দেওয়া হবে। আর শব্দসৈনিক সুজেয় শ্যামকে সম্মাননা দেওয়া হবে চতুর্থ দিন, শুক্রবার বিকেলে।
উৎসবের স্লোগান...
আমাদের এবারের স্লোগান ‘...দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে।’
উৎসবে যা থাকছে...
এটি গানের উৎসব। তাই গানকেই প্রাধান্য দিই। পাশাপাশি আরও থাকছে আবৃত্তি। বিষয়ভিত্তিক আলোচনা হবে দুদিন। ‘রবীন্দ্রসংগীতে বাউল ভাবনা’ শীর্ষক আলোচনা হবে বুধবার। আর বৃহস্পতিবারের আলোচনার বিষয় ‘যুগমানব রবীন্দ্রনাথ’। প্রথম তিন দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। শুক্রবার সকালে হবে কলিম শরাফী স্মৃতি পুরস্কারের জন্য কিশোর ও বড়দের বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতা। শুক্রবার ও শনিবার অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।
বাড়ছে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার পরিধি...
অনেক সংগঠনের শুরুটা বেশ সাড়ম্বরে হয়। পরে সেসব সংগঠনের অনেকগুলোরই আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সেদিক থেকে আমরা ২৫ বছর পার করেছি। এখন আমাদের সদস্যসংখ্যা বেড়েছে। পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, খুলনা, দিনাজপুর, রংপুর, খাগড়াছড়ি আর শেরপুরে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শাখা করেছি।
বিনোদন প্রতিবেদক