'ঋত্বিক ঘটক রেট্রোস্পেকটিভ'
একটানা ছয় দিন শুধুই ঋত্বিক ঘটকের ছবি। এমন সুযোগ সিনেমাপ্রেমীদের জন্য লোভনীয় তো বটেই। ১২ ফেব্রুয়ারি থেকে সেই সুযোগ পাচ্ছেন দর্শকেরা। গত ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের ৯০তম জন্ম ও আগামী ৬ ফেব্রুয়ারি তাঁর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঋত্বিক রেট্রোস্পেকটিভ’ নামে এ আয়োজন করা হয়েছে। এতেই দেখানো হবে ঋত্বিক ঘটকের কালজয়ী সব ছবি। চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে এ অনুষ্ঠান চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির পক্ষ থেকে এসব তথ্য জানান এর সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ। তিনি জানান, এ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসবেন ঋত্বিক ঘটকের মেয়ে সংহিতা ঘটক। সেই সঙ্গে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়।
‘ঋত্বিক রেট্রোস্পেকটিভ’–এর আয়োজনে সহযোগিতা করছে ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট। তা ছাড়া এ আয়োজনের অংশ হিসেবে চলচ্চিত্রম ফিল্ম সোসাইিট ১০ ফেব্রুয়ারি থেকে একটি কর্মশালাও করছে। এ বিষয়ে জানতে মুনিরা মোরশেদ ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।