'এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাহিম হোসেন৷ রবীন্দ্রসংগীতশিল্পী ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদের সাধারণ সম্পাদক৷ বেঙ্গল ফাউন্ডেশন থেকে আজ প্রকাশিত হচ্ছে তাঁর অ্যালবাম দখিন দুয়ার৷ বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যায় হবে প্রকাশনা ও শিল্পীর
একক গানের অনুষ্ঠান৷

ফাহিম হোসেন
ফাহিম হোসেন

কত যে মনোহর...
দখিন দুয়ার শিরোনামে রবীন্দ্রসংগীতের এই অ্যালবাম প্রকাশের ক্ষণে দাঁড়িয়ে আজ যদি নিজের অনুভূতি প্রকাশ করি, রবীন্দ্রনাথ থেকে কথা ধার করে বলতে হবে, ‘কত যে মনোহর’৷ এ অনুভূতি শুধু ভাষায় প্রকাশ করা যাবে না৷

থাকুক প্রতিটি ঋতুর আমেজ...

অ্যালবামটি আমি সাজিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ের ১০টি গান দিয়ে৷ অ্যালবাম করার সময় আমার মনে হলো, অধিকাংশ রবীন্দ্রসংগীতের অ্যালবামে তো রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায় ও বিভিন্ন ধরনের গান থাকে৷ আমি না হয় প্রকৃতি পর্যায় থেকেই বেছে নিই কয়েকটি গান৷ একটি অ্যালবামে শ্রোতারা পাক প্রতিটি ঋতুর আমেজ৷

পেছন পানে চায়...

আগে ১৯৯৫ সালে এসো আমার ঘরে এসো শিরোনামে আমার আরেকটি অ্যালবাম বেরিয়েছিল৷ তখন ছিল ক্যাসেটের যুগ৷ সেটি ধারণ করা হয়েছিল ক্যাসেটে৷ দখিন দুয়ার সিডিতে বেরোনো আমার প্রথম অ্যালবাম৷

দখিন দুয়ারে দাঁড়িয়ে...
পাঁচটি অ্যালবাম করার মতো গান আছে আমার৷ রবীন্দ্রসংগীতের অ্যালবাম বাণিজ্যিকভাবে অতটা লাভজনক হবে না ভেবে অডিও প্রতিষ্ঠানগুলোও অ্যালবাম প্রকাশে সেভাবে আগ্রহী হয়নি৷ অবশেষে বেঙ্গল ফাউন্ডেশন এগিয়ে এসেছে৷ তাদের প্রতি কৃতজ্ঞতা৷

আবারও দখিন দুয়ারে...

দখিন দুয়ার-এর গান নির্বাচনের ক্ষেত্রে আমি খুব প্রচলিত গান যেমন নির্বাচন করিনি, তেমনি খুব বেশি অপ্রচলিত গানকেও স্থান দিইনি৷ এটুকু বলতে পারি, অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে৷

এবং সংগঠন...

সামনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ থেকে আমরা নানা অনুষ্ঠান হাতে নেব৷ আগামী মার্চে করব ‘বসন্ত উত্সব’৷ রবীন্দ্রজয়ন্তী আন্তর্জাতিকভাবে উদ্যাপনের ইচ্ছাও আছে আমাদের৷
 আলতাফ শাহনেওয়াজ