'এ অবস্থা থেকে পরিত্রাণ দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: রোকেয়া রফিক বেবী। মঞ্চ ও টিভিতে অভিনয় করছেন। এটিএন বাংলায় আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক কেবলই স্বপন করেছি বপন। এ নাটকে অভিনয় করেছেন তিনি

রোকেয়া রফিক বেবী
রোকেয়া রফিক বেবী

‘কেবলই স্বপন করেছি বপন’...
একটি পরিবারকে ঘিরে গড়ে উঠেছে নাটকের গল্প। এখানে দুই মেয়ে ও এক ছেলের মা আমি। আমি এই দুই মেয়ের সৎমা। কিন্তু ওদের প্রতি আমার গভীর মমতা। সৎমা সম্পর্কে সচরাচর আমাদের যে রকম নেতিবাচক ধারণা, আমার চরিত্রটি তার সম্পূর্ণ বিপরীত।
নাটক প্রচার শুরু হওয়ার পর...
নাটকটি প্রচার হওয়ার পর বেশ সাড়া পেয়েছি। এখানে আমার মায়ের কথাটি বলতে চাই। নাটকের কয়েকটি পর্ব প্রচারের পর আমার মা একদিন আমায় বললেন, ‘তুই ওই দুই মেয়ের সৎমা! মেয়ে দুটিকে তুই এত ভালোবাসিস, তুই যে সৎমা, এটা কিন্তু বোঝাই যায় না।’
মাঝে মাঝে তব দেখা পাই...
টিভির নাটকে দর্শক আমাকে দেখতে পান মাঝেমধ্যে। এর কারণ সময়ের অভাব। ‘কর্মজীবী নারী’ নামে একটি সংগঠনে কাজ করি। সেই সূত্রে দেশব্যাপী ঘুরে বেড়াতে হয়। আরেকটি বিষয় হলো, নাটকে কাজ করা আমার পেশা নয়, নেশা। পেশা হলো চাকরি। একজন মানুষ তো একসঙ্গে দুটি পেশায় কাজ করতে পারে না। এ ছাড়া আমি মঞ্চেও কাজ করি। ফলে সময়স্বল্পতাসহ নানা কারণে টিভির নাটকে সেভাবে নিয়মিত হতে পারি না।
মঞ্চের ব্যস্ততা...
মঞ্চ আমার প্রাণের জায়গা। আমাদের দল থিয়েটার আর্ট ইউনিট নতুন দুটি নাটক মঞ্চে আনবে। একটি নাটকের নির্দেশনা দেবেন সাইফ সুমন। এখন এই নাটকের পাণ্ডুলিপি নির্বাচনের কাজ চলছে। এরপর আমরা মঞ্চে আনব আনিকা মাহিনের লেখা মর্ষকাম নাটকটি।
আমার দিনযাপন...
দিন তো কেটেই যাচ্ছে। কিন্তু যদি বলা হয়, কীভাবে দিন যাপন করছি, সেটা বলা মুশকিলের ব্যাপার। এটুকু বলতে পারি, এখন দিন কাটছে একটা অস্থিরতার ভেতর দিয়ে। সবার মধ্যে কেমন যেন ভয়, চাপা অস্বস্তি। এ অবস্থা থেকে পরিত্রাণ দরকার।