'এ তুমি কেমন তুমি?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিস্মর ছবিতে প্রসেনজিত্
জাতিস্মর ছবিতে প্রসেনজিত্

প্রথমে সকাল সাড়ে নটায় একটা এসএমএস। ‘সুমনদা, জাতীয় পুরস্কার পাওয়ায় অভিনন্দন। অনুমতি দিলে একটু কথা বলতে চাই।’
এরপর এক ঘণ্টা বিরতি।
এবার মোবাইলে কবীর সুমনের নম্বরে ডায়াল করি। বেশ কিছুক্ষণ ফোনটা বাজে। তারপর তাঁর গমগমে কণ্ঠস্বর ওপারে।
জাতিস্মর চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য এবার তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অভিনন্দন জানানোর পর তিনি একটু হেসে ‘ধন্যবাদ’ বলে যোগ করলেন ‘শরীর ভালো নেই। দ্রুত কথা বলুন।’

জাতিস্মর ছবিতে স্বস্তিকা ও যীশু
জাতিস্মর ছবিতে স্বস্তিকা ও যীশু

দ্রুত বলতে হবে কথা! তার মানে, বেশিক্ষণ কথা বলবেন না তিনি!
অন্য পথ ধরতে হয়, বলি, ‘আপনার আলখাল্লা বইটি পড়ছিলাম। গত শতাব্দীর নব্বইয়ের দশকে সাংবাদিকেরা তো আপনার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল দেখছি!
কবীর সুমন শুধরে দিলেন, ‘ঠিক বলেননি। নব্বই দশকে কেন, সাংবাদিকেরা এখনো আমাকে ছাড়েনি। এই বাংলায় আমাকে কেউ পাত্তা দেয় না। আমিও পাত্তা দিই না। খোঁজ রাখি না। এ রাজ্যের সরকার, প্রতিষ্ঠান সবাই আমাকে এড়িয়ে চলে। সুযোগ পেলেই গালাগাল দেয়। সৃজিত আমার ছেলের মতো। ও আমার বড় ছেলে। ও আমার পেছনে লেগে রইল। এড়ানোর জন্য কাজ বাবদ পাঁচ লাখ টাকা চাইলাম। ও সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে গেল। আসলে টাকা কোনো ব্যাপার নয়। পাঁচ লাখ কি ৫০ লাখ, তাতে আমার কিছু যায়-আসে না। অনেকেই কিন্তু আমাকে বাদ দিতে বলেছে ওকে। পরিচালক সৃজিত নাছোড়বান্দা ছিল বলেই কাজটা করতে পারলাম।’
যাক! দ্রুত কথা সেরে ফেলার শঙ্কাটা বুঝি কেটে যেতে শুরু করেছে। বলি, ‘পুরস্কার পাওয়ার পর আপনার কি মনে হচ্ছে না, আরও বেশি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করলে ভালো হতো?’
‘আমি কি “করব না” বলেছিলাম? কাজ করতাম, যদি সুযোগ

কবীর সুমন
কবীর সুমন

দেওয়া হতো। নয়ের দশকে দু-তিনবার ডেকেছে আমাকে। তাও দেড় বছরের মধ্যেই। এরপর আর কেউ ডাকেনি। তবে ২০০৮ সালে পান্না হোসেন নামে একটি ছেলের বাণিজ্যিক ছবিতে কাজ করেছিলাম। বড় ভালো ছেলে। কাজ বোঝে। কিন্তু বাণিজ্যিক ছবি তো আর জাতীয় পুরস্কারের জন্য পাঠানো হয় না...।’
সুমনদা, ইদানীং আপনাদের পশ্চিমবঙ্গে তো বেশ ভালো ভালো ছবি তৈরি হচ্ছে। ছবির কারিগরি মানও ভালো। গল্প বৈচিত্র্যময়। গানগুলোও নিচ্ছে দর্শক-শ্রোতা। পশ্চিমবঙ্গের ছবি কি ভালো একটা জায়গায় পৌঁছে যাচ্ছে?
‘গানের দিক থেকে নতুন জায়গায় পৌঁছে যাচ্ছে—কথাটা বোধ হয় ঠিক হলো না। বাংলা আধুনিক গানের যে ঐতিহ্য, তা মেনে গান লেখা বা সুর করা হচ্ছে না। হয়েছে কি, এখন যাঁরা লিখছেন, সুর করছেন, তাঁদের বেশির ভাগেরই জন্ম ষাটের দশকের পর। তাঁরা যখন বড় হচ্ছেন, তখন বাংলা আধুনিক গানের দুর্দান্ত যুগ শেষ হয়ে গেছে। এঁদের মননে, স্মৃতিতে সেই গানের উপাদান নেই। আমার বয়সীরা সেটা পেয়েছিল। দেখুন না, আপনাদের ওখানে আলম খান, খান আতা, সত্য সাহা, আলাউদ্দীন আলী, এঁদের যে জ্ঞান এবং শোনার অভিজ্ঞতা, তা দিয়েই আমরা কাজ করি কিন্তু। আমাদের এখানে সে রকম একজনও নেই। এখানে একসময় নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, রবীন চট্টোপাধ্যায়, অনুপম ঘটকেরা ছিলেন। কী অসাধারণ কাজ ছিল তাঁদের!’
একটু ব্যাখ্যা চাই, কিন্তু এ সময়ের গানগুলো তো দর্শক-শ্রোতারা নিচ্ছে। শুনছে...
একমত হলেন না সুমন। বললেন, ‘এঁরা দো-আঁশলা জিনিস করছেন। কেউ শোনেও না। শুনলেও দুই-তিন দিন শোনে। দুই বাংলায় গানের ভূমিকা কিন্তু এ রকম ছিল না। আপনি সাবিনা ইয়াসমীনের কথাই ধরুন না। ৩০-৪০ বছর আগে যে গানগুলো গেয়েছিলেন, সেগুলো আজও ভাল্লাগে। সুরেরও তো ছিরিছাদ আছে।’
তাহলে বাংলা গানের ভবিষ্যৎ কি নেই?
‘এটাই তো চিন্তা। আমাদের এখানে স্কুলগুলোয় প্রথম ভাষা ইংরেজি, দ্বিতীয় ভাষা হিন্দি বা বাংলা। ২০ বছর পর পশ্চিমবঙ্গে বাংলা ভাষা থাকবে কি না, সেটাই তো জানি না। গ্রামে-গঞ্জে হয়তো থাকবে, কিন্তু কলকাতাকেন্দ্রিক জীবনে বাংলা আর থাকবে না বলেই মনে হয়। তবে বলি, জাতিস্মর-এর গানগুলো কিন্তু তরুণেরা নিচ্ছে। অল্প বয়সী ছেলেমেয়েরাই উদ্বেল হচ্ছে জাতিস্মর-এর গানে। আমরা আসলে রুচিসম্মত কিছু করার ক্ষেত্রে অভিভাবকহীন হয়ে পড়েছি। এটাই আমাদের সমস্যা। এটা সময়েরই একটা পরিণাম।’
বলি, নব্বইয়ের দশকে হঠাৎ সুমনের দুটি ক্যাসেট আমাদের মনকে নাড়িয়ে দিয়েছিল। এরপর ততটা সুমন কই থাকল আর?
একটু চটে উঠলেন সুমন, বললেন, ‘এটা আপনাদের সমস্যা। আমার তো ১৩টি অ্যালবাম বের হয়েছে। এখন তো ক্যাসেটের যুগ শেষ। ওয়েবসাইটে গান ছাড়ি। আমার গান অনেকেই তো গেয়েছেন, গাইছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন ১২টা গান, সাবিনা ইয়াসমীন ২০টা, হৈমন্তী শুক্লাও গেয়েছেন। এখন তো প্রত্যাশিত জিনিসই পাচ্ছেন। ওই শুরুর ধাক্কাটা আর কাজ করছে না। আমি কিন্তু আগাগোড়া চালিয়ে গেছি।’
আমার একটু সাহস বেড়েছে। ‘আচ্ছা, পশ্চিমবঙ্গের সাংবাদিকেরা আপনার পেছনে লাগে কেন? কী মনে হয় আপনার?’
‘মনে হয়, ঠিক লোকেরা সাংবাদিকতা করছে না। একজন সংগীতকারকে তো সংগীত নিয়েই প্রশ্ন করবে। তা নয়, তাঁর বিয়ে, বাথরুম এসব নিয়েই তাঁদের আগ্রহ। মূর্খ, বেরসিক। বদমাইশি করে ওরা।’
তাহলে কি সাংবাদিকেরা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু লিখবে না?
‘বিচ্ছিরি, বিশ্রী। কই, আমার লেখাপড়া, আমার রেওয়াজ নিয়ে তো কেউ কথা বলে না। সেটা তো কেউ জানতে চাইছে না। শিল্পীকে শিল্পী হিসেবেই দেখতে হবে। শিল্পী কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে শুচ্ছে, সেটা সাংবাদিকের লেখার বিষয় নয়।’
রূপঙ্করের ব্যাপারটা বলুন তো। জাতিস্মর ছবিতে ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য ওঁ সেরা গায়কের পুরস্কার পেল। গানটি তৈরির সময় আপনি নাকি কম হুমকি-ধমকি দেননি?
‘আমি কিন্তু কাজ আদায় করে ছাড়ি। যতক্ষণ মনমতো না হয়েছে, ততক্ষণ ওকে খাটিয়েছি। তার ফল পেয়েছে রূপঙ্কর।
ভয়ে ভয়ে বলি, এখন তো ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। এখন তো সবকিছুই পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে তো মেনেও নিতে হবে...
‘পরিবর্তন আসতে বাধ্য। আসবে। মানুষ তার মতো করে বাঁচার চেষ্টা করবে। প্রযুক্তি, বিজ্ঞান—সবকিছুই এগিয়ে গেছে। ভাবনার পরিধিও বড় হয়েছে। কিন্তু তাই বলে আশা ছেড়ে দেব কেন? বাংলা ভাষা নিয়ে লড়াই হয়েছে। এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে একুশে ফেব্রুয়ারি। এর অনেক দিন পর বাংলা ভাষায় নির্মিত রাগসংগীত আর আধুনিক সুরে সুরে একটি ছবি জাতিস্মর পুরস্কৃত হলো—এটাই তো আশার কথা।’
সুমনদা, সময় দিলেন বলে ধন্যবাদ।
এবার ওপার থেকে কবীর সুমনের কণ্ঠস্বর ভেসে আসে, ‘আর নয়, শরীর ভালো নেই। ভালো থাকবেন।’