'এ দেশের মানুষকে ভয় দেখানো যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে ‘পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধনী বক্তৃতা দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর.
জাতীয় জাদুঘরে ‘পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধনী বক্তৃতা দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর.

আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ চলছে, গুলশান ও শোলাকিয়ার হামলায় তার ছায়া এ দেশে পড়েছে। কার অস্তিত্ব আছে, কার অস্তিত্ব নেই—সেটার চেয়ে বড় কথা, এ দেশে জঙ্গিবাদ রয়েছে; যা সারা বিশ্বে একই চেতনা লালন করে। কিন্তু জঙ্গিবাদের কাছে হার মেনে এ দেশের মানুষ ঘরে ঢুকে যায়নি। বরং ঈদের দিনগুলোতে ঘুরে বেড়িয়ে জঙ্গিবাদকে জবাব দিয়েছে। আর প্রমাণ করেছে, এ দেশের মানুষকে ভয় দেখানো যায় না।

জাতীয় জাদুঘরে শুক্রবার বিকেলে শুরু হওয়া হয়েছে ‘পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধন করে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনী উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, ‘সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ একটি রুগ্‌ণ শিল্পে পরিণত হয়েছে। তৃণমূল পর্যায়ে গবেষণার মাধ্যমে লোকশিল্পের এই মাধ্যমটি পুনর্জাগরণ ঘটাতে হবে। আর এ জন্য এই ধরনের প্রদর্শনী ব্যাপকভাবে আয়োজন করা প্রয়োজন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রদর্শনীতে ছিল মৃৎ শিল্প তৈরির বিশেষ পরিবেশনা
প্রদর্শনীতে ছিল মৃৎ শিল্প তৈরির বিশেষ পরিবেশনা

পোড়ামাটির শিল্প প্রাচীন জনজীবন ও শিল্পকলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ শিল্প প্রতিটি দেশের স্বকীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারক ও বাহক। প্রাচীনকাল থেকে জনপ্রিয় এ ধারা এখন দেখা যায় না বললেই চলে। হারিয়ে যেতে বসা এ মৃৎশিল্প নিয়ে কাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগ। তাদের দীর্ঘদিনের সৃজনকর্ম নিয়ে তারা এখন রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে। সেখানে তাদের হাতের কাজ যেমন রয়েছে, তেমনি রয়েছে মৃৎশিল্পের ইতিহাসের বর্ণনাময় উপস্থাপনা। আরও রয়েছে আবহমানকাল থেকে চলে আসা মৃৎশিল্পের নানা নিদর্শনও।
‘পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শনী’ শিরোনামের এ প্রদর্শনীতে ৩২ জন শিল্পীর ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা
প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা

বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে বরেণ্য শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক মোস্তাফা শরীফ আনোয়ার। প্রদর্শনীর উদ্বোধনীতে ছিল মৃৎশিল্প তৈরির বিশেষ পরিবেশনা।
প্রদর্শনীতে জাতীয় জাদুঘরে সংরক্ষিত পোড়ামাটির শিল্পকর্ম থেকে নির্বাচিত ১০০টি নিদর্শনও রয়েছে। সেই সঙ্গে প্রদর্শনীতে উপস্থাপিত আলোকচিত্রের মাধ্যমে নিত্যব্যবহার্য সামগ্রী, শৌখিন শিল্পকর্ম, স্থাপত্যশিল্পকর্ম, ভাস্কর্য এবং বৌদ্ধবিহার, মন্দির ও মসজিদের গায়ের অলংকারে ব্যবহৃত ফলকের মাধ্যমে প্রাচীন বাংলার ধর্মীয় ও সামাজিক ইতিহাস এবং স্থাপত্য অলংকরণের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী চলবে ২৬ জুলাই পর্যন্ত।