'এ বছর ছবির কাজ শুরু করব'
ক থো প ক থ ন: তৌকীর আহমেদ। অভিনয়শিল্পী, নাট্যকার, পরিচালক। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটক অবাক ভ্রমণে। নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন তিনি

অবাক ভ্রমণে...
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাটকটি তৈরি করেছি। করপোরেট জগতের এক তরুণের সঙ্গে একজন কবির পরিচয় হয়। তাঁদের আলাপে মানব সম্পর্ক, সামাজিক বাস্তবতা, আরও অনেক কিছু উঠে আসে। তাঁদের এই ভ্রমণ নিয়ে নাটকের গল্প। তবে ভ্রমণ বলতে আক্ষরিক অর্থে ‘ভ্রমণ’ নয়, শব্দটা কাব্যিক অর্থে ব্যবহূত হয়েছে। দর্শক নাটকটা দেখলেই তা বুঝতে পারবেন। নাটকটি লিখেছেন বিপাশা হায়াত।
অনেক দিন পর পরিচালনা...
এখন কাজের পরিবেশটা অন্য রকম হয়ে গেছে। যাঁরা অল্প বাজেটে নাটক তৈরি করতে পারেন, তাঁরাই কাজের সুযোগ পান। আমরা হয়তো বিশেষ দিনগুলোতে কিছু কাজ করি।
নাটক থেকে বইয়ের মলাটে...
এখন পর্যন্ত আমার দুটো বই বের হয়েছে। প্রতিসরণ আর ইচ্ছামৃত্যু। দুটোই মঞ্চনাটক। গত বছরে সব মিলিয়ে খুব কঠিন একটা সময় গেছে। নতুন কিছু লিখতে পারিনি। তবে আগামী বইমেলায় অবশ্যই বই বের করব। এখন থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি।
অভিনেতা তৌকীর, পরিচালক তৌকীর...
যখন অভিনয় করি, তখন আমি অভিনেতা। যখন পরিচালনা করি, তখন পরিচালক। দুটো সত্তাই তো আমি। তবে রচনা, পরিচালনা, অভিনয়—সবটাই করতে গেলে কাজের প্রতি সুবিচার করা কঠিন হয়ে যায়।
চলচ্চিত্র-ভাবনা...
ভাষা আন্দোলন নিয়ে একটা কাজের পরিকল্পনা করেছিলাম। বাজেটের অভাবে করতে পারিনি, সে তো পুরোনো খবর। নতুন খবর হলো, এবার নতুন বিষয় আর নতুন প্রযুক্তি নিয়ে নতুন ছবির কথা ভাবছি। এ বছরই ছবির কাজ শুরু করব।