'এ ভাই...আর কত দূর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িওয়ালা  ছবির একটি দৃশ্যে রোকেয়া প্রাচী
গাড়িওয়ালা ছবির একটি দৃশ্যে রোকেয়া প্রাচী

আন্তর্জাতিক পাঁচটি চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত ও প্রশংসিত গাড়িওয়ালা নির্মাণ করেছেন আশরাফ শিশির। গাড়িওয়ালা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার লড়াইয়ের গল্প। শীতকালের বাংলার গ্রাম এবং খেতভরা হলুদ বর্ণের সরিষা ফুলের নয়নমুগ্ধ দৃশ্যে গল্পটি শুরু হয়, যে গল্পে হাবিল ও কাবিল নামের দুই শিশু-কিশোর মায়ের চোখকে ফাঁকি দিয়ে বনবাদাড়ে ঘুরে বেড়ায়। বেয়ারিং গাড়িতে চড়ার স্বপ্ন দেখে। গ্রামের বিলঝিল থেকে শাপলা তুলে বিক্রির পয়সায় তারা একসময় একটি বেয়ারিং গাড়িও সংগ্রহ করে এবং গ্রাম্য খেলায় অংশ নিয়ে প্রতিযোগিতায় জিতে যায়। হাবিল-কাবিলের এই দিনভর উচ্ছল-উচ্ছ্বাসের সময় তাদের মা (রোকেয়া প্রাচী) ধানের চাতালে শ্রম দেয়। চাতালের মালিক মাসুম আজিজ।
একদিন শহরের বাজারে শাপলা বিক্রি করে গ্রামে ফেরার সময় হাবিল-কাবিল পথে দাঁড়ায়। হাবিল একজন রিকশাওয়ালাকে অনুসরণ করে। রিকশাওয়ালা (রাইসুল ইসলাম আসাদ) তার বাবা। বাবাকে অন্য একটি সংসারে দেখতে পায়। দুই বছর ধরে বাবার নিখোঁজ হয়ে থাকার বিষয়টি হাবিলের চোখে স্পষ্ট হয়ে যায়। হাবিল ঘটনাটি কাবিলকেও বলে না। বাড়ি ফিরে মাকে বলারও সুযোগ পায় না। দুই ভাই ঘরে ঢুকে অজ্ঞান মাকে দেখতে পায়। ওদের মায়ের কী হয়েছে—প্রশ্নটি বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর শব্দে হারিয়ে যায়। দুর্যোগের রাতে হাবিল-কাবিল বেয়ারিংয়ের ঠেলাগাড়িতে করে মাকে নিয়ে শহরে রওনা হয়। পথে কাবিল প্রশ্ন করে, ‘এ ভাই...আর কত দূর, ‘সবুর, সবুর এই তো একটু’, হাবিলের এই সংলাপ শেষে দৃশ্যটি ফ্রিজ হয়ে যায়। লাল রঙের লাটিমের ঘূর্ণন শটে জীবন গতির ইঙ্গিত দিয়ে পরিচালক গল্পের সমাপ্তি টানেন।
 গাড়িওয়ালা চলচ্চিত্রের চিত্রনাট্য সাজাতে পরিচালক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন। অথবা বাংলাদেশের গল্প বলছি—এই ধারণায় লোকজ দৃশ্য, লোকশিল্প, লোকপেশা এবং লোকজ উৎসবের শতাধিক শট দৃশ্যের ট্র্যানজিশন, ফিলার অথবা সংযুক্তি হিসেবে ব্যবহার করেছেন, যা অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ, চলচ্চিত্রের প্রতিটি শট নির্দিষ্ট উদ্দেশ্য ও প্রয়োজন নির্দেশ করে।
 দক্ষ কসাইয়ের মাংস কাটা আর চলচ্চিত্রে দৃশ্য প্রবেশ বা দৃশ্য প্রস্থানের বিশেষ মুহূর্ত সম্পাদন প্রায় এক। সম্পাদকের পরিমিতিবোধের অভাবে গাড়িওয়ালা চলচ্চিত্রে চিত্রনাট্যের ছন্দপতন ঘটেছে।
 সংগীত যেমন চলচ্চিত্রকে সমৃদ্ধ করে, তেমনি করে লক্ষ্যভ্রষ্ট। বাংলার সূচিকর্ম, অলস দুপুরে মেয়েদের চুলে বিলি কাটা, মাছ ধরা, শিশুদের ঘুঁটি খেলার মতো অমূল্য শট যতটা লোকবাদ্যে প্রাণবন্ত ও রসময় হতে পারত, ততটা মলিন মনে হয়েছে পশ্চিমা সংগীত সংযোজনে। তবে টাইটেল প্লেটে গাড়িওয়ালা লেখায় হুইসেলধ্বনি প্রতীকধর্মী অর্থ দাবি করে।
 শিশুশিল্পী কাবিলের (কাব্য) অভিনয় অনুভবগত ব্যঞ্জনায় প্রাণবন্ত। সাইকেল মিস্ত্রি ইমরান সম্ভাবনাময়। অভিনেতা মাসুম আজিজ ও অভিনেত্রী রোকেয়া প্রাচী গাড়িওয়ালা চলচ্চিত্রের শোপিস। তাঁদের চরিত্রের ইস্ট্যাবলিশমেন্ট নেই, পূর্ণতা নেই এবং ধারাবাহিকতাও নেই।
 বাংলার রূপ-প্রকৃতি ধারণে সোহাগ চৌধুরীর ক্যামেরা মনোযোগী ছিল বটে; তবে সিঁদুররাঙা মেঘেঢাকা পড়ন্ত বিকেলের শট থেকে কাট করে রোকেয়া প্রাচীর হেঁটে আসা মিড শটে দূর ভূমিতে সাদা রঙের মেঘ একধরনের আলোকবিভ্রাট। এ ছাড়া হাবিলের লাল শাপলা তোলা দৃশ্যে ক্যামেরার বেস ফ্রেমে সাদা শাপলা (কৃত্রিম) আরোপিত সৌন্দর্য বর্ণনা করে।
 চলচ্চিত্রের নানা দৃশ্যে আকাশে মেঘের উড়ে যাওয়া এবং স্তরবিন্যাস অপূর্ব ভিজ্যুয়াল ইফেক্ট। কিন্তু বাংলাদেশে কোন ঋতুতে এমন ধরনের মেঘ দেখতে পাওয়া যায়, প্রশ্নটা ক্রিয়েটিভ ডিরেক্টরের কাছে রইল।
 মাইকে সিনেমার প্রচার, চরিত্রের কণ্ঠে সিনেমার গান পরিচালকের সিনেমা সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রমাণ।
 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানে নির্মিত গাড়িওয়ালাতে প্রধান শিল্পীদের টাইটেল প্লেট দুবার কেন দর্শককে দেখতে হলো, জানার কৌতূহল থাকল।
 দৃশ্যনির্ভর গাড়িওয়ালা চলচ্চিত্রে কাবিলের কণ্ঠে ‘এ ভাই...আর কত দূর’ সংলাপটি বহুমাত্রিক অর্থবোধক।
 স্কুলের মাঠে বাংলাদেশের পতাকা দেখে হাবিল-কাবিলের সালাম ঠুকে দাঁড়ানো, হাবিলের হাফপ্যান্ট খোলার দৃশ্যে লজ্জা পেয়ে কাবিলের রি-অ্যাকশন শট পরিচালকের মনোযোগের ফসল।
 সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের কোনো দায়বদ্ধতা না আছে সরকারের কাছে, না আছে দর্শকের কাছে। সেখানে গাড়িওয়ালা চলচ্চিত্রে সরকারকে উদ্দেশ করে কৃতজ্ঞতা প্রকাশ করা একটি টাইটেল প্লেট সবার জন্য যথেষ্ট পাওয়া।