‘এই চরিত্রের জন্যই আমি জন্মেছি’
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের চতুর্থ ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির পর যথারীতি অন স্ট্রেঞ্জার টাইডস আলোচনায়। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় আবারও মাতিয়ে দেওয়া জনি ডেপ। ওয়েবসাইট থেকে নেওয়া সাক্ষাৎকার।যদি বলা হয়, এই চরিত্রে অভিনয় করার জন্যই জন্ম হয়েছে আপনার, খুব কি ভুল বলা হবে? এই চরিত্র একই সঙ্গে আমাকে দুর্লভ অভিজ্ঞতাও এনে দিয়েছে, যেমন ধরুন মেয়েদের বিশেষ পোশাক পরার অভিজ্ঞতা, যেটা হররোজ হয় না (হাসি)। যখন সুযোগ আসে, আপনার উচিত খপ করে সেই সুযোগটা মুঠোয় পুরে ফেলা। হ্যাঁ, এটা সেই চরিত্র, যেটা করার জন্য জন্ম হয়েছে আমার। এই সিরিজের ছবিগুলো এবং আমার চরিত্রটিকে যেভাবে বরণ করে নিয়েছে দর্শকেরা, সেটাও চমকপ্রদ। যখন পাইরেটসের প্রথম ছবিটা করি, তখন কিন্তু এতশত ভাবনা ছিল না। স্রেফ আরেকটি চরিত্র হিসেবেই নিয়েছিলাম। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু আপনার চরিত্রটিকে ভীষণ পছন্দ করেছে। এটা নিশ্চয়ই বাড়তি দায়িত্বও এনে দেয়?আমি শুধু একটা দায়িত্বই অনুভব করি—চরিত্রটাকে নতুন করে উপস্থাপন কিংবা অন্তত সেই উপস্থাপনের চেষ্টাটা করা। সত্যিকারের দায়িত্ব তো আসলে মানুষকে বিনোদিত করা, মানুষকে হাসানো।জ্যাক স্প্যারোর চরিত্রটা তো এখন হরহামেশা করতে হচ্ছে আপনাকে। তো এই চরিত্রটা কি এখন এমনিতেই চলে আসে, নাকি সেটাকে বের করে আনতে বিশেষ প্রস্তুতি নিতে হয়? এই জীবনে যতগুলো চরিত্রই আমি করেছি, সব কটিই কোনো না কোনো দিক দিয়ে একটা আরেকটার কাছাকাছি। প্রতিটির ভেতরেই অনায়াসে ঢুকে যাওয়া যায়। কিন্তু ক্যাপ্টেন জ্যাক, এ নিয়ে যে চরিত্রটা আমি চারবার করলাম, বাকিগুলোর চেয়েও আরও দ্রুত আমার কাছে ধরা দেয়। সত্যি বলতে কি, চরিত্রটা যেন প্রত্যাশার চেয়েও দ্রুতই আমার ওপর ভর করে। ব্যক্তিজীবনেও অনেক সময় সে হাজির হয়ে যায়। যেমন ধরুন, বাচ্চাদের স্কুলে নামিয়ে দিচ্ছি, ওই সময়েও চলে এল!তাহলে বাস্তব জীবনেও জলদস্যুরা আপনার ভাবনায় প্রভাব বিস্তার করে আছে?আমি সব সময়ই এটা নিয়ে ভাবি। অদ্ভুত ব্যাপার হলেও এটা সত্যি, জলদস্যুদেরও এমন কিছু নীতিবোধ আছে, যেটা আমাদের সরকার আর ব্রিটিশ মিলিটারির চেয়েও বেশি যুক্তিবোধসম্পন্ন। যেমন ধরুন, আপনি যদি জলদস্যুদের দলে যোগ দেন, জাহাজে আপনার দায়িত্ব যেটাই হোক, আপনি কিন্তু সমান শেয়ারই পাবেন। প্রতিদিন আপনাকে ওই সুনির্দিষ্ট পরিমাণ রামই দেওয়া হবে। কিন্তু ব্রিটিশ মিলিটারিতে সেটা হয় জঘন্য উপায়ে। পেনেলোপ ক্রুজের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল?ওহ্, পেনেলোপ তো কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। অনেক বছর আগে আমরা আগেও একটা ছবি করেছিলাম—ব্লো। ছবিটা দুর্দান্ত ছিল। আর সে তো সত্যিই দুর্দান্ত অভিনেত্রী। যেকোনো ধরনের চ্যালেঞ্জই আপনি ওর দিকে ছুড়ে দিন, সানন্দে সে সেটা গ্রহণ করবে। ওকে আমি খুবই পছন্দ করি। ও আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজনও। তাই ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল দারুণ।তৃতীয় পাইরেটসের পর চতুর্থটা আসতে চার বছরের মতো সময় নিলেন। এতটা বিরতি কেন?শুরুর দিকে এই সিরিজটার ওপর যদি আমার আরও বেশি নিয়ন্ত্রণ থাকত, প্রথম তিন পর্বেই আমি বেশি সময় নিতাম। এবার বেশি বিরতি নেওয়ার কারণগুলোর অন্যতম একটি হলো, অন স্ট্রেঞ্জার টাইডস-এ আমরা সেই পুরোনো কৌতুকগুলোই নতুন বোতলে ঢেলে পরিবেশন করতে চাইনি, আমরা চেয়েছি এটাকে ইন্টারেস্টিং, একেবারেই নতুন আর তরতাজা একটা চেহারা দিতে। এবার তো চিত্রনাট্যেও আপনি বড় ভূমিকা রেখেছেন। কতটা উপভোগ করেছেন এটা?এটা অনেকটা টিমের থিংক ট্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার মতো। আসলে আমার কাজটা ছিল নানা রকম আইডিয়া ওদের সামনে ছুড়ে দেওয়া। এতে যেটা হয়, এর কিছুটা হয়তো কাজে জ্বলে ওঠে, কোনোটা ওঠে না। আমি আমার ভাবনাগুলো বলতাম। তারা চাইলে সেগুলো গ্রহণ করতে পারত, বাদও দিতে পারত। আশাপ্রদ ব্যাপার হলো, ওরা সেসব গ্রহণ করেছে। আসলে মোদ্দা কথাটা হলো, স্রেফ আরেকটা সিক্যুয়েল নিয়ে হাজির হওয়াটাই শেষ কথা নয়, এটা আরও কৌতূহলোদ্দীপক, আরও মজার করে উপস্থাপন করাটাই আসল।পঞ্চম পাইরেটস কবে আসছে?এটা নিয়ে আমি এখনো কিছুই ভাবিনি। এটা আসলে নির্ভর করে গল্প, স্ক্রিপ্ট আর নির্মাতাদের ওপর। এমন তো নয়, আমি ওদের বললাম, ‘চলো, ২০১২-এর ক্রিসমাসেই আরেকটা ছবি বানিয়ে ফেলি’, আর অমনি শুরু হয়ে গেল। আসলে সময় নিয়েই কাজটা করা উচিত। কারণ এই সিরিজটার ছবিগুলো স্পেশাল হওয়া উচিত। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান আমার কাছে আসলেই স্পেশাল। অনুবাদক: রাজীব হাসান