'এই তো চেয়েছিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি রেডিও শুনতে ভালোবাসি। এ এক বিস্ময়কর আবিষ্কার। না হলে কি আজও এটা প্রধান গণমাধ্যমের তালিকায় থাকত?...’
ম্যারেন মরিস
ম্যারেন মরিস

তরুণ শিল্পীর মনোবল ভাঙতে বেশি কিছু নয়, শুধু বললেই হয়, ‘তোমাকে দিয়ে হলো না।’ ম্যারেন মরিসকে ঠিক তেমনটাই বলা হয়েছিল দু দুবার। দুটি প্রতিযোগিতা থেকে বাতিল হয়েছিলেন তিনি। ‘আমেরিকান আইডল’ ও ‘দ্য ভয়েস’-এর মতো প্রতিযোগিতা থেকে সরাসরি কনসার্টের প্রস্তাব পেয়েছেন প্রতিযোগীরা। বিচারকদের শুভদৃষ্টিতে তাদেরই হাত ধরে গাইতে গেছেন বড় বড় অনুষ্ঠানে। ওই দুটো প্রতিযোগিতা থেকেই বিদায় নিতে হয়েছিল মরিসকে। আত্মবিশ্বাস টুকরো টুকরো হয়ে গিয়েছিল তাঁর। হওয়ারই কথা। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র যত মেধাবী তরুণ শিল্পী পেয়েছে, তাঁদের অনেকেই এসেছেন ওই প্রতিযোগিতাগুলো থেকে। মরিস টেকেননি।
যুক্তরাষ্ট্রের সংগীত প্রতিভা খুঁজে বের করার সব থেকে বড় দুটি প্রতিযোগিতায় হেরে স্বপ্ন, সম্ভাবনা দুই-ই কি গেছে তাঁর? ‘সেটাই বরং ভালো হয়েছে’—সম্প্রতি এমন করেই বলেছেন স্বয়ং মরিস। কী আর হতো ওই প্রতিযোগিতায় টিকে? সম্প্রতি প্রকাশিত অ্যালবামের বাজার কাটতি দেখে মরিসের মনে হয়েছে, এই তো চেয়েছিলাম!
চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত হয়েছে তাঁর অ্যালবাম হিরো। প্রথম সপ্তাহেই বিলবোর্ড টপ চার্টের ওপরের দিকে উঠে গেছে সেটি। ‘আমেরিকান আইডল’-এ তো তিনি টিকতে পারেননি। লোকে কেন শুনছে তাঁর গান? প্রতিযোগিতায় আর কী যায় আসে! নতুন কিছু দিতে পারলে লোকে এমনিতেই লুফে নেয়। নতুন এই অ্যালবামের ক্ষেত্রে সেটাই হয়েছে।
মরিসের ‘মাই চার্চ’ গানটি রেডিওতে দারুণ জনপ্রিয়তা পায়। মরিসকে জিজ্ঞেস করা হয়েছিল, ব্যাপারটা কী বলুন দেখি। লোকের কথা বাদ দিয়ে মরিস নিজের কথা বললেন। ‘আমি রেডিও শুনতে ভালোবাসি। এ এক বিস্ময়কর আবিষ্কার। না হলে কি আজও এটা প্রধান গণমাধ্যমের তালিকায় থাকত? লোকে তাতে গান শোনে, আমি শুনি গানের ধরন। বোঝার চেষ্টা করি, শোনার মতো কী আছে ওসব গানে। একটা গান কেন লোকে যুগ যুগ ধরে মনে রেখে গুন গুন করে গায়। এক রহস্য বটে।’ একদিন সেই রহস্য উদ্ঘাটন করে ফেলেন মরিস। ‘বু-ঝ-লা-ম, পপ গানগুলোর সবই সাদামাটা পুনরাবৃত্তি।’ সেই পদ্ধতিই যেন তিনি খাটিয়েছেন ‘রিচ’, ‘ড্রাংক গার্লস ডোন্ট ক্রাই’ ও ‘এইটিস মার্সিডিস’ গানগুলোতে। এগুলোতে তাঁকে পাওয়া যায় এক স্বতন্ত্র ম্যারেন মরিস হিসেবে।

কখন আর কীভাবে লেখেন এসব? ‘মাথা “হ্যাং” থাকা অবস্থায় লিখি। এই অবস্থাতেই গান ভালো হয়।’ নিজের বেশির ভাগ গানই নাকি সেই অবস্থাতেই লেখা। ধারণা করা যায় ‘হিরো’ এবার মাত করে দেবে।
রাসেল মাহমুদ
রোলিং স্টোন অবলম্বনে