‘এই তো প্রেম’ ছবির জট খুলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’—এই তো প্রেম ছবিতে হাবিব ও ন্যান্সি জুটির গানটি খুব জনপ্রিয়। ছবির কাজ শুরু হয়েছিল ২০০৯ সালের নভেম্বর মাসে। আটকে যায় ছবির কাজ। একসময় ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এক সাক্ষাৎকারে ছবির নায়িকা বিন্দু বলেছিলেন, ‘এ ছবির ভবিষ্যৎ কী, আমি জানি না।’ তবে হাল ছাড়েননি পরিচালক সোহেল আরমান। শেষমেশ শিডিউল পেয়েছেন ছবিটির নায়ক শাকিব খানের। জানা গেছে, শাকিব আগামী সেপ্টেম্বর মাসে ছবিটির জন্য সাত দিনের শিডিউল দিয়েছেন। সোহেল আরমান বললেন, ‘আশা করছি, এবার কাজ শেষ হবে।’তিনি আরও বললেন, ‘ছবিটির কাজের বয়স যদিও দুই বছর হয়ে যাচ্ছে, তার পরও আমি ধৈর্য হারাইনি। কারণ, এটি ছিল আমার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। তাই আগ্রহটা একটু বেশি। কিন্তু নানা সমস্যার কারণে কাজটা করতে পারিনি। শ্রোতারা যেহেতু এই তো প্রেম ছবির গান পছন্দ করেছে, আমার বিশ্বাস, ছবিটিকেও তারা খুব ভালোভাবেই গ্রহণ করবে।’বিন্দু বললেন, ‘দেরি হলেও ছবিটির কাজ শেষ হবে। এটাই এখন খুশির খবর।’