‘এই পত্র আপনার চোখে পড়বে, নতুবা...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখা যখন তৈরি হচ্ছে, তখন খ্যাতিমান অভিনেতা খলিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। খলিলের আরোগ্য কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন হুমায়ুন ফরীদিখলিল ভাই, শেষ কবে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তা মনে করতে পারছি না। আবার যে আপনার দেখা পাব, সে কথাও জোর দিয়ে বলতে পারছি না। দুটো কথা বলতে পারব কি না, জানি না। অনিশ্চিত এক জগতে চলে গেছেন আপনি। তার পরও সামান্য আশা মনে সঞ্চয় করেই এই পত্র লিখছি আমি। যদি স্বাভাবিক জীবনে ফিরে আসেন আপনি, তাহলে হয়তো এই পত্র আপনার চোখে পড়বে, নতুবা মানুষের কণ্ঠে উচ্চারিত হবে।আপনার মনে আছে কি না জানি না, সংশপ্তক ছিল আপনার সঙ্গে আমার শেষ কাজ। এর আগে অনেক নাটকেই আমরা কাজ করেছি। এই যেমন এ সপ্তাহের নাটক, এ মাসের নাটকে আমরা কত না চরিত্রে কাজ করেছি। আপনি বেশ রাশভারী মানুষ ছিলেন, তাই বেশি কথা বলার চেষ্টা করতাম না।তার পরও অভিনয়ের বাইরে একদিন আমি ব্যক্তিগত একটি বিষয়ে কথা তুললাম। আপনি মোটরবাইক চালাতেন। যেখানেই যেতেন, সেখানেই এই মোটরবাইক দেখতাম। একদিন বললাম, ‘আচ্ছা ভাই, আপনি তো গাড়ি কিনতে পারেন, কিন্তু তার পরও কেন মোটরবাইকে চলাচল করেন। দুর্ঘটনার ভয় তো থাকে!’আপনি কিছুটা সময় গম্ভীর হয়ে থাকলেন। তারপর ভরাট কণ্ঠে বললেন, ‘মোটরবাইক নিয়ে আমি যেখানে-সেখানে চলে যেতে পারি। আমার বন্ধুরা থাকে চিপা গলির ভেতরে। সেখানে মোটরবাইক ছাড়া যাওয়ার আর কোনো বিকল্প নেই। তাই আমি এই মোটরবাইকের বিকল্প কিছু ভাবি না।’আপনার সঙ্গে অনেক কাজ করার পর জানতে পারলাম, আপনি বহুমূত্র রোগের রোগী। কিন্তু আপনার খাওয়ার থালায় খাবার দেখলে আমার চোখ কপালে উঠে যেত। কে বলবে আপনি বহুমূত্রের রোগী। আপনাকে বললাম, ‘খলিল ভাই, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। এত খাবার খাচ্ছেন কেন?’আপনি বললেন, ‘আরে না...। খাওয়া-দাওয়ায় কোনো সমস্যা হবে না। ও আবার হেঁটে পুষিয়ে নেব।’এরপর আমি শুধু আপনার মুখের দিকে তাকিয়ে ছিলাম। তারপর কতগুলো বছর পেরিয়ে গেল। আপনি তো দীর্ঘ সময়ই ভালো থাকলেন। প্রায় ১৫-১৬ বছর পেরিয়ে গেল। এতটা সময় যখন পার করলেন, তখন কি আর কিছুদিন নিয়তি আপনাকে সময় দেবে না?নাটকে কাজ করার সময় আপনি চুপচাপ থাকতেন। সংশপ্তক ধারাবাহিকে আপনি জমিদারের চরিত্রে অভিনয় করলেন। আমি রমজানের চরিত্রে কাজ করলাম। প্রচণ্ড ক্ষমতাবান জমিদার আপনি। একসময় জমিদারের ক্ষমতা কমে গেল। আপনার জন্য অর্থসাহায্য নিয়ে গেলাম। আপনি সেই আগের মতোই এমন এক ধমক দিলেন যে আমি থতমত খেয়ে গেলাম। আজও আমার চোখের সামনে ভেসে ওঠে আপনার সেই মুখ। মিয়ার বেটার সেই দাপট। আর সেই সংলাপ আমার কানে বাজে..., টাকা আমার চাই।খলিল ভাই, ফিরে আসুন আমাদের মধ্যে। আরও কিছুদিন আপনাকে পেতে চাই।