'এই ফেলোশিপ মূকাভিনয়ের জন্য বড় সম্মান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থ প্রতিম মজুমদার
পার্থ প্রতিম মজুমদার

পার্থ প্রতিম মজুমদার মূকাভিনয়শিল্পী। ফ্রান্সপ্রবাসী এই শিল্পী এখন এসেছেন ঢাকায়। বাংলাভিশনে আজ ‘রাত বিরাতে’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি
‘রাত বিরাতে’...
আমার জন্ম পাবনায়। ১৯৭২ সালে ঢাকায় আসি। ঢাকায় আমার সবচেয়ে বেশি স্মৃতি রয়েছে সেগুনবাগিচা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান আর ধানমন্ডি ৩২ নম্বরে। ‘রাত বিরাতে’ অনুষ্ঠানে এই জায়গাগুলোতে কবি আসাদ চৌধুরীর সঙ্গে আড্ডা দিয়েছি।
রাতে আড্ডা...
ফেলে আসা দিনগুলো সব সময় খুঁজে বেড়াই। রাতে যখন ঢাকায় আমার স্মৃতিবিজড়িত ওই জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছি, তখন অন্য রকম অনুভূতি কাজ করেছে। কিছু জায়গা ছাড়া ঢাকাকে আমরা হারিয়ে ফেলেছি।
এবার ঢাকা আসা...
বাংলা একাডেমির আমন্ত্রণে এবার ঢাকায় এসেছি। বাংলা একাডেমি আমাকে বিশেষ ফেলোশিপ প্রদান করেছে। ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেছি। এই ফেলোশিপ মূকাভিনয়ের জন্য বড় সম্মান।
বাংলাদেশে মূকাভিনয়ের চর্চা...
খুব বেশি আশাব্যঞ্জক বলব না। আবার হতাশারও কিছু দেখছি না। ইদানীং কিছু তরুণ মূকাভিনয় নিয়ে দারুণ আগ্রহী হয়ে উঠছেন। মূকাভিনয় হচ্ছে গুরুমুখী বিদ্যা। তাই মূকাভিনয়কে প্রসারের জন্য প্রাতিষ্ঠানিকভাবে এগোতে পারলে ভালো হতো।
চলচ্চিত্রে অভিনয়...
যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের কয়েকটি ছবিতে অভিনয় করেছি। সর্বশেষ অভিনয় করেছি নরওয়ের পরিচালকের ওয়ান থাউজেন্ড ওয়ান গ্রাম ছবিতে। এ ছাড়া প্যারিসে একটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করেছি।
বাংলাদেশের নাটকে অভিনয়...
শায়ের খানের ভানুর কাহিনি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। নাটকটির এখনো প্রচার শুরু হয়নি।