
আজকের ধর্মীয় উগ্রতা প্রতিরোধ করতে নজরুলের বড় প্রয়োজন ছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে এ কথা বারবার বললেন বক্তারা। গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রয়াণ দিবসের এ অনুষ্ঠানটির আয়োজন করে নজরুল ইনস্টিটিউট।
এবারও নজরুল পদক দেওয়া হয় দুজনকে। নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক এবং নজরুল-গবেষক আবু হেনা আবদুল আউয়াল এবার পদক পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘নজরুলকে আমাদের দেশে বঙ্গবন্ধু নিয়ে এলেন। এটি একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত ছিল। নজরুলকে আমরা ধরে রেখেছি। নজরুলের প্রভাব এখনো আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তৃত। আর এটা সম্ভব করে তোলা হয়েছে তাঁকে এখানে এনে। তাঁকে জাতীয় কবির সম্মান দিয়ে।’
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। এ ছাড়া আলোচনা করেন অধ্যাপক আবদুল কাইউম ও সাজেদ কামাল। অতিথি ছিলেন কবির নাতনি খিলখিল কাজী।
বর্তমান সময়ে যে ধর্মীয় উগ্রতা শুরু হয়েছে সারা বিশ্বে, তার বিরুদ্ধে নজরুলের লেখা প্রতিবাদস্বরূপ। আজও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে নজরুলকে প্রয়োজন। এমন কথা উঠে আসে খিলখিল কাজীর কথায়।
সভাপতির ভাষণে নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম এই দেশের জাতীয় কবি। তাঁর কোনো রচনা বিকৃত করা যাবে না। আমরা দরকার হলে আদালতে যাব। নজরুলের গানে সুর দেবার অধিকার আইনত কারও নেই।’
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। অনুষ্ঠানে গান ও আবৃত্তি করেন খ্যাতিমান শিল্পীরা।