'এই হাসিটাই তো একটা অভিনয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে অভিনয় করলেও এখন যাত্রাশিল্পীদের পোশাক তৈরি কেরন আলী আকবর পাঠান
আগে অভিনয় করলেও এখন যাত্রাশিল্পীদের পোশাক তৈরি কেরন আলী আকবর পাঠান
চলতি পথে হঠাৎ করেই ময়মনসিংহের যাত্রাশিল্পীদের কয়েকজনকে পেয়ে যাই আমরা। কেউ এখনো যাত্রা করছেন, কেউ পেশা থেকে বিদায় নিলেও একেবারে ছেড়ে দিতে পারেননি যাত্রাকে। এমনই কয়েকজনকে নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি ছাপা হলো আজ

আলী আকবর পাঠান হ্যাজাক জ্বালানো প্যান্ডেলে নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করছেন। প্যান্ডেলের সামনে বসা হাজার হাজার নারী-পুরুষ-শিশু নবারের দুঃখে কাঁদছে, আবার নবাবের সুখে হাততালি দিচ্ছে। প্যান্ডেলের পেছনে নানা সুর বাজছে।

এসবই এখন স্মৃতি।
আলী আকবর পাঠান এখন খালি গায়ে বসে সিরাজউদ্দৌলা বা অন্য রাজা-বাদশাদের ঝলমলে পোশাক তৈরি করেন।
২৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে কথা হয় আলী আকবরের সঙ্গে। ময়মনসিংহের বাঘমারা পুরোনো মেডিকেল গেটের কাছে রেললাইন লাগোয়া নিজাম সাজঘরে কাজ করছিলেন তিনি। ছবি তোলার আগে গায়ে কিছু দিতে বললে মলিন, কুঁচকানো একটি শার্ট গায়ে দিলেন। নবারের একটি পোশাক গায়ে দিয়ে ছবি তোলার অনুরোধ করলে তীব্র আপত্তি জানিয়ে বললেন, তা আর সম্ভব না। কেননা তিনি এখন আর যাত্রাশিল্পী নন, তিনি এখন কারিগর। পালা শুরুর আগে অভিনেতাদের গায়ে চরিত্র অনুযায়ী পোশাক পরিয়ে দেন। মেকআপম্যানের দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ থেকে ছোটবেলায় রাগ করে চলে এসেছিলেন ময়মনসিংহে। তাঁর বংশে আর কেউ যাত্রাশিল্পে জড়িত নয়।
ঝলমলে দিন পেছনে ফেলে এসেছেন অনেক দিন হলো। তিন বেলা খাওয়া আর মাসিক আট হাজার টাকা বেতনই এখন তাঁর সম্বল।
কিছু একটা অভিনয় করে দেখাতে বললে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ‘আপনি বিভিন্ন প্রশ্ন করছেন। প্রশ্ন শুনে আমি খানিকক্ষণ হাসছি। এই হাসিটাই তো একটা অভিনয়।’
সেই ১৯৫৫ সালের কথা। ছোট শিশু বা যাত্রার ভাষায় ‘একানিক’ চরিত্র থেকে কিং বা রাজা, রুদ্ধকরণ বা বড়ভাই চরিত্রসহ নানান চরিত্রে অভিনয় করেছেন আলী আকবর। একসময় ৮ আনা, ১০ আনা দিয়ে হ্যাজাক বাতি ভাড়া করা হতো। এখন একেকটি যাত্রাপালা নামাতে লাখ লাখ টাকার মামলা। শিল্পীরা আগে নিজেই গান গাইতেন আর নাচতেন। ওস্তাদ নাচের তালিম দিতেন। এখন শিল্পীরা পেটের জ্বালায় পাগলা নাচ নাচে। আর বাজতে থাকে নানা মিউজিক। দেশ আগের চেয়ে উন্নত হয়েছে। শুধু থমকে গেছে যাত্রাশিল্পীদের জীবন। পৌষ, মাঘ, ফাল্গুন—এই তিন মাস কিছু কাজ পাওয়া যায়। বছরের নয় মাস একদম বসা। কিন্তু জীবন তো থেমে থাকে না।
আলী আকবর কথা বলার একপর্যায়ে খানিকটা বিরক্তই হলেন। সাংবাদিক আসে, অনেক কিছু লিখে নিয়ে যায়। তা ছাপাও হয়। কিন্তু তারপর তো আর কিছু হয় না। আলী আকবরের স্ত্রী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা করাবেন, না সংসার চালাবেন—এই দ্বন্দ্বের মধ্য দিয়ে দিন পার হচ্ছে। পাঁচ মেয়ের মধ্যে বড় মেয়ে যাত্রাপালায় নায়িকার চরিত্রে অভিনয় করতেন। এখন তিনিও তা বাদ দিয়েছেন। চার মেয়ের বিয়ে হয়েছে। এক মেয়ে পড়াশোনা করছেন।