‘এক কাপ চা’ ছবিতে হরিহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত প্রথম চলচ্চিত্র এক কাপ চাতে গান করবেন ভারতের প্রখ্যাত শিল্পী হরিহরণ। প্রযোজক সূত্রে জানা গেছে, ইমন সাহার সুরে দ্বৈত এ গানটিতে হরিহরণের সঙ্গে কণ্ঠ দেবেন শিল্পী রুনা লায়লা।ফেরদৌস জানান, হরিহরণ এখন এ আর রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে আছেন। তাই গানটি এখনই রেকর্ড করা সম্ভব হচ্ছে না। তিনি জুলাইয়ের শেষ সপ্তাহে ভারতে ফিরবেন। তাঁর ফেরার পরই গানটির মিউজিক ট্র্যাক নিয়ে ছবির সুরকার এবং পরিচালককে নিয়ে ফেরদৌস মুম্বাই যাবেন। সেখানেই হরিহরণের কণ্ঠ ধারণ করা হবে। ফেরদৌস আরও জানান, ইতিমধ্যেই রুনা লায়লার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ঢাকার সত্যগীত স্টুডিওতে শিগগিরই তাঁর কণ্ঠ ধারণ করা হবে। আরও জানা গেছে, এক কাপ চা ছবির শিরোনাম সংগীতটি সুর করবেন এবং তাতে কণ্ঠ দেবেন হাবিব।