‘এক কাপ চা’তে এবার রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক মাস বিরতির পর গতকাল মঙ্গলবার থেকে আবারও শুটিং শুরু হলো ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রের। চলবে মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। এরই মধ্যে বাংলাদেশে ছবিটির পুরো শুটিং শেষ হয়ে যাবে। এরপর ভারতের দুটি গানের শুটিং করার মধ্য দিয়ে পুরো ছবির শুটিং শেষ হবে বলে জানান পরিচালক নঈম ইমতিয়াজ। এর আগে ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন আলমগীর, হুমায়ুন ফরীদি, ওমর সানী, নিপুণ, ইমন, নীরব, মীর সাব্বির, আঁখি আলমগীর, অমল বোস, তুষার খান ও শহিদুল ইসলাম সাচ্চু। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকজনের নাম। তিনি হলেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। আজ বুধবার এফডিসিতে রাজ্জাক এ ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিতে রাজ্জাককে দেখানো হবে কলেজের অধ্যক্ষ হিসেবে। এ ছাড়া ছবিটিতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাও অভিনয় করবেন। মার্চ মাসের প্রথমদিকেই তিনি ঢাকা আসবেন বলেও জানা যায়। ঢাকায় এসই তিনি একটি গান এবং কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন। নঈম ইমতিয়াজ বলেন, ‘ছবিটিতে অধ্যক্ষের চরিত্রটির জন্য আমাদের এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল, সেটা রাজ্জাক ছাড়া অন্য কাউকে দিয়ে করানো সম্ভব হতো না।’ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, মৌসুমী, এজাজুল ইসলাম ও মুনিরা মিঠু। এখানে ফেরদৌসকে ইংরেজির প্রভাষক এবং মৌসুমীকে গ্রন্থাগারিক হিসেবে দেখানো হবে।