
পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। বিখ্যাত এই সরোদবাদকের সংগীতশিক্ষার শুরু পাঁচ বছর বয়সে। পরে বিভিন্ন ওস্তাদের কাছে তালিম নিয়েছেন তিনি। ১৯৮১ সালে অল ইন্ডিয়া রেডিও সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। আজ বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রথম রাতে সরোদ বাজাবেন তিনি। গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি হেটেলে প্রথম আলোকে এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে আপনি গত বছরও এসেছিলেন। আজ উৎসবের প্রথম দিনে আপনার পরিবেশনা শুনতে পাবেন শ্রোতারা। আপনার অনুভূতি জানতে চাই...
খুব ভালো লাগছে। ঠিক এক বছরের মাথায় আবার এখানে এলাম। আসলে এই উৎসবটি সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের আসর হিসেবে বিশ্বের মধ্যে এরই মধ্যে পরিচিতি লাভ করেছে। আমার আগের প্রজন্ম, আমার প্রজন্ম এবং আমার পরের প্রজন্ম—নানা প্রজন্মের গুণী শিল্পীরা এ উৎসবে অংশ নিচ্ছেন। রাতভর বিপুলসংখক মানুষ প্রবল আনন্দ নিয়ে গান শুনছেন—এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।
বিভিন্ন সাক্ষাৎকারে আপনি বারবার বলেছেন, বাংলাদেশে ফেরা আমার কাছে অনেকটা ঘরে ফেরার মতো। এর কারণ কী?
আমার পূর্বপুরুষ বাংলাদেশের। পাবনায় ছিল আমাদের বাড়ি। আমার দাদা বিভূতিরঞ্জন মজুমদার ও বাবা রঞ্জন মজুমদার দুজনেই বাংলাদেশের মানুষ। আবার আমার গুরুঘরও এই বাংলাদেশে, ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরে। ওস্তাদ বাহাদুর হোসেন খানের কাছে ১৮ বছর তালিম নিয়েছি আমি। তিনি ওস্তাদ আলাউদ্দিন খানের বংশধর, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। ফলে এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে আসা আমার কাছে তো অনেকটা ঘরে ফেরার মতোই, ঋণ শোধ করার মতোই।
আপনি সরোদবাদনে আগ্রহী হলেন কেন?
সংগীতমুখর পরিবারে আমার জন্ম। বাবা ছিলেন সেতারবাদক। অনেক ছোট বয়সে পরিবার থেকেই আমাকে সরোদ শিক্ষা দেওয়া হয়। তবে পরে মনে হয়েছে, সরোদ, এই যন্ত্রের প্রতি আমারও কোথাও যেন একটা টান ছিল।
আজ কোন রাগ পরিবেশন করবেন?
এখনো ঠিক জানি না। তবে হয়তো মধ্যরাতের কোনো রাগ পরিবেশন করব। কারণ, খুব সম্ভবত আমার পরিবেশনা হবে রাত একটা-দেড়টার দিকে।
আলতাফ শাহনেওয়াজ