‘এক শ বস্তা চাল’-এর বাংলাদেশ সফর
গত বছরের জুন মাসে বিভিন্ন জেলার শিল্পকলা একাডেমী ও স্থানীয় নাট্যদলগুলোর যৌথ সহযোগিতায় এক শ বস্তা চাল নিয়ে বিভাগীয় সফরে বের হয়েছিল ঢাকার শিল্পকলা একাডেমী। এই সফরে যেসব জেলায় নাট্যচর্চা ঝিমিয়ে গেছে কিংবা নাট্যচর্চা আকাশ ছুঁয়েছে—সবখানেই এক শ বস্তা চাল নাটকটি নাট্যকর্মীদের চাঙা করেছে। চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু করে একে একে সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগ দিয়ে সেই যাত্রার শেষ হয়। এসব বিভাগে একাধিক প্রদর্শনী করে এক শ বস্তা চাল নাটকটি সারা দেশের নাট্যদর্শক ও নাট্যকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়। যেসব জায়গায় নাট্যচর্চা কিছুটা ঝিমিয়ে গেছে, সেখানকার নাট্যকর্মীদের একটু জাগিয়ে তুলতে এই নাটকটি অনেকাংশেই ভূমিকা রেখেছে। নাটকটির নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘আমাদের শিল্পকলার পরিকল্পনা হলো এই নাটকটি সারা দেশ সফর করে স্থানীয় শিল্পী, সংস্কৃতিমনা মানুষ এবং নতুন নতুন দর্শকের দ্বারপ্রান্তে যাওয়া। অনেক জায়গায় নাট্যচর্চা থেমে গেছে। আমরা সেসব জায়গায়ও নাটক করেছি। এতে করে তারা নতুন করে জেগে ওঠার প্রেরণা পাবে।’এদিকে প্রায় ছয় মাস বিরতি দিয়ে নতুন করে আবারও নাটকটি দেশ সফরে বের হয়েছে। ২৩ জুন রাতে ৩৫ সদস্যের দল নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় এই যাত্রা শুরু হয়েছে। ওখানে ২৪ ও ২৫ জুন রাতে শিল্পকলা একাডেমীর নতুন মিলনায়তনে পরপর দুদিন নাটকটির দুটি প্রদর্শনী হয়। এর পর দলটি ছুটে যায় রংপুরে। সেখানে টাউন হলে ২৬, ২৭ জুন আরও দুটি প্রদর্শনী হয়। এদিকে ২৮ জুন থেকে বগুড়ার শিল্পকলা মিলনায়তনে পাঁচ দিনের নাট্যোৎসব শুরু হয়েছে। সেখানে ২৮ ও ২৯ জুন উৎসবের প্রথম দুদিন এক শ বস্তা চাল নাটকটির দুটি প্রদর্শনী হয়। বিভাগীয় সফর প্রসঙ্গে দলনেতা ও নাটকটির নির্দেশক গোলাম সারোয়ার বলেন, শিল্পকলার এই সফরের মধ্য দিয়ে মনে করছে সারা দেশের নাট্যকর্মীদের সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি হবে। ঢাকার বাইরের নাটকের দল যেমনি ঢাকাতে নাটক করতে আসে আমরাও তেমনি ঢাকার বাইরে নাটক মঞ্চায়ন করে বাইরের নাট্যকর্মীদের সঙ্গে সংস্কৃতির একটা বন্ধন তৈরি করতে চাই। একই সঙ্গে ঢাকার বাইরে নতুন দর্শকও তৈরি হবে।’ নাটকটিতে অভিনয় করছেন ঢাকার প্রথম সারির একাধিক নাট্যদলের কর্মী। অভিনয় শিল্পীরা হলেন ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, সুমন, মুক্তা, খুরশিদ, তৌহিদ প্রমুখ। নাটকটির আলোক পরিকল্পনায় আছেন ঠাণ্ডু রায়হান, সেটে ফয়েজ জহির ও জুনায়েদ ইউসুফ। এক শ বস্তা চাল নাটকটি লেখা জাপানের ইয়াজ ইয়া মামতো, নাট্যরূপ অধ্যাপক আবদুস সেলিম আর নির্দেশনায় আছেন গোলাম সারোয়ার।