‘একই নামে একাধিক শিল্পী থাকলে সমস্যা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাশ। সংগীতশিল্পী। গান করছেন অনেক বছর হলো। এবার ঈদে পলাশের গাওয়া গান নিয়ে এসেছে অ্যালবাম প্রেমিকের গান। পলাশ এবং ‘প্রেমিকের গান’...প্রেমিকের গান আমার নতুন অ্যালবাম। সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু ও চারু। অ্যালবামের নাম প্রেমিকের গান হওয়ার পেছনে একটি গল্প আছে। সবগুলো গান যাঁর লেখা ও সুর করা, তিনি ‘প্রেমিক রুবেল’ নামে পরিচিত। গানের মাঝেও ‘প্রেমিক রুবেল বলেন’ কথাটি এসেছে। তাঁর বাড়ি সিলেটে, দীর্ঘদিন ছিলেন লন্ডনে। সম্প্রতি তিনি মারা গেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই গানগুলো করেছি। যেহেতু প্রেমিক রুবেলের গান, তাই ভাবলাম, অ্যালবামের নামও প্রেমিকের গানই হোক।প্রেমিক রুবেলের সঙ্গে যেভাবে যোগাযোগ...প্রেমিক রুবেলের মৃত্যুর পর তাঁর নাতি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। গানগুলোর কথা খুব সহজ-সরল, অন্য রকম একটা আবেদন আছে। তাঁর গানে বারবার কৃষ্ণপ্রেম, রাধাপ্রেমের কথা এসেছে। শাহ আবদুল করিমকে আমরা শহুরে সমাজ অনেক দিন পর চিনেছি। শ্রোতারা যদি পছন্দ করেন, আমরা হয়তো প্রেমিক রুবেলের মতো একজন গীতিকার-সুরকারকেও জনপ্রিয় করে তুলতে পারব। তাঁর লেখা ও সুরে আরও অনেক গান আছে, সামনে সেগুলো গাওয়ার ইচ্ছা আছে।অ্যালবামের গানগুলো...বেশির ভাগ গানই ছিল খেমটা ধাঁচের। কম্পোজিশনের সুবিধার্থে প্রেমিক রুবেলের নাতির সঙ্গে আলোচনা করে আমরা ছন্দে কিছুটা পরিবর্তন এনেছি। অ্যালবামের যে গানের কথা আলাদা করে বলব...প্রথম গানটিই আমার সবচেয়ে প্রিয়। গানের কথা ‘আর কত বাকি আর কত বাকি, তুমি আমি এক হওয়ার আর কত বাকি’।মাঝে এক বছরের বিরতি প্রসঙ্গে...আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। তাই গান গাওয়া হয়নি। এর মধ্যে পলাশ নামের আরও কয়েকজন শিল্পী গান করতে শুরু করেছেন। সুনাম কিংবা দুর্নামের ভাগীদার আমাকেও হতে হচ্ছে। কেউ বলেন, আপনার একটি গান শুনলাম, ভালো লাগেনি। অথচ আমি গানটি গাইনি। কেউ বলেন, অমুক অনুষ্ঠানে আপনার আসার কথা, এলেন না যে? অথচ আমার যাওয়ার কথা ছিল না। ব্যক্তিগতভাবে আমার মত হলো, একই নামে একজন শিল্পী থাকলে অন্য শিল্পীর সেই নামে আত্মপ্রকাশ করা ঠিক নয়। একই নামে একাধিক শিল্পী থাকলে সমস্যা হয়। এখন ব্যস্ততা...কোরবানির ঈদে আসছে আমার আরেকটি অ্যালবাম। নাম চন্দ্রবিন্দু। আমার ব্যান্ড অরবিটের অ্যালবামও বের হবে সামনে। এ ছাড়া প্রেমিকের গান অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিওর শুটিং করব সিলেটে। আমার আম্মা খুব অসুস্থ। তাঁর জন্য আপাতত কিছুটা বিরতি নিয়েছি। মো. সাইফুল্লাহ