'একজোড়া ছাত্র তৈরি করবার চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামু​দ্দিন পালাকার
ইসলামু​দ্দিন পালাকার

গত লোকসংগীত উৎসবে নাম থাকলেও অংশ নিতে পারেননি শিল্পী ইসলামুদ্দিন পালাকার। এবারের উৎসবে পালাগান পরিবেশন করেছেন তিনি।
বললেন, ‘এ অনুষ্ঠানটা করে তো খুব আনন্দ লাগতেসে। গত বছরও গেসিলাম খুব আনন্দিত হয়ে। পরে পালা করতে পারিনি। বুঝতেই পারেন কোনো অনুষ্ঠান যদি না করতে পারি তাহলে কেমন খারাপ লাগে।’
প্রযুক্তির এই সময়ে এসে মানুষের পালাগানের প্রতি আগ্রহ কেমন? এমন প্রশ্নে ইসলামুদ্দিনের কণ্ঠ থেকে আত্মবিশ্বাসের সুরেই বেরিয়ে এল, ‘আগ্রহ আছে বলেই তো এখনো করছি। যদি আগ্রহ না থাকত তাহলে তো পালাগান বন্ধ হয়ে যেত। ভালোই আগ্রহ আছে। গ্রামেগঞ্জে সপ্তাহে দুই-তিনটা পালা করতে হয়।’
এত গেল শোনার আগ্রহ, কিন্তু শেখার আগ্রহ কতটা? যে বয়সে ইসলামুদ্দিন হাতেখড়ি নিয়েছিলেন পালাগানের, সেই বয়সী তরুণেরা কি আগ্রহী হচ্ছেন পালাগান শিখতে? খানিকটা হতাশ হয়ে বললেন, ‘এটা হলো মনের টানরে ভাই। মনে যদি টান থাকে তাহলে যেকোনো জিনিস করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমানকে আমি শিখাইসি। সে করতেসে। তবে অনেক তরুণ আগ্রহ দেখায় কিন্তু এগিয়ে আসে না। কেউ সাধনা করতে চায় না। একটা পালাগান করতে যে পরিশ্রম করতে হয়, এটা কেউ করতে চায় না। গ্রামে যদি করতে হয় তবে সময় দিতে হয়।’
ওস্তাদ কুদ্দুস বয়াতির কাছে ১৫ বছর বয়সে পালাগানে হাতেখড়ি ইসলামুদ্দিনের। শিখেছেন নয় মাস। তারপর নিজেই এলাকাতে পালাগান শুরু করেন। নিজের নামের সঙ্গে যুক্ত হয়ে যায় ‘পালাকার’ শব্দটি। বললেন, ‘অনেকে অনেকভাবেই লেখে। আসলে আমাদের গ্রামে বলা হয় িকস্সাপালা। কোনো কোনো জায়গায় বলে কিস্সাগানের শিল্পী। যাঁরা যেভাবে বুঝেন সেভাবে বলেন। এভাবেই তাঁরা স্বীকৃতিটা দেন। আমি তো একটাই স্বীকৃতি দিই, সেটা হচ্ছে পালাগানের শিল্পী ইসলামুদ্দিন পালাকার।’
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রামে বেড়ে ওঠেন ইসলামুদ্দিন। পালার দিকে ঝুঁকে যাওয়ার আগে গ্রামীণ নাট্যপালার অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে যান। কাশেম-মালা, রাহেলার বনবাস ও দস্যু বাহরাম নামের ঝুমুর যাত্রাপালায় অভিনয় করেন।
এবারের লোকসংগীত উৎসবে তিনি উতলা সুন্দরী পালাগানটি গেয়েছিলেন। শেষ প্রশ্নটা করি পালাগানে তাঁর পরিকল্পনা নিয়ে। ইসলামুদ্দিন বললেন, ‘একজোড়া ছাত্র তৈরি করবার চাই। যাতে ওরা আমার স্মৃতি ধরে রাখতে পারে।’