
শ্যামল মাওলা। মঞ্চ ও টিভিতে নিয়মিত অভিনয় করছেন। আজ আরটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক অপরাজিতা।
এখন আছি পূবাইলে...
মাসুম রেজার লেখা আর গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় একটা নতুন ধারাবাহিকের কাজ করছি। সংলাপগুলো ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লার ভাষায়, খুবই মজার। এখন পর্যন্ত নাটকের নাম আমোদপুর, পরে পরিবর্তনও হতে পারে। আমার সঙ্গে আছেন মীর সাব্বির, রিচিসহ আরও অনেকেই।
নাটকের মানুষ...
আমার বাবা গোলাম মোস্তফা থিয়েটার করতেন। তাই নাটকের প্রতি আমার ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। দেশ নাটকের সঙ্গে নিয়মিত থিয়েটারে অভিনয় করছি। টিভি নাটক তো করা হচ্ছেই। একসময় সিসিমপুর-এ পাপেটিয়ার হিসেবেও কাজ করেছি।
পাপেটের দড়ি আমার হাতে। এখন আমার দড়ি যার হাতে থাকে...
হা হা হা! আমার দড়ি আমার হাতেই থাকে। স্ত্রী মৌয়ের হাতেও থাকে।
অভিনয়জীবনের বড় পাওয়া, ‘গেরিলা’...
আমার প্রথম ছবি। ছবির পরিচালক ছিলেন নাসির উদ্দীন ইউসুফ। নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই একটা ছবিই অনেকখানি এগিয়ে দিয়েছে। এ ছাড়া সাতকাহন নাটকটাও আমার জন্য একটা টার্নিং পয়েন্ট।
নতুন ছবি, ‘সংকল্প’...
এই ছবি নিয়ে কথা চলছে। চিত্রনাট্যের কাজ শেষ। আমরা এখনো মোটামুটি প্রাথমিক পর্যায়ে আছি।
‘অপরাজিতা’ এবং অন্যান্য...
অপরাজিতা নাটকটি আরটিভিতে অনেক দিন ধরেই প্রচারিত হচ্ছে। মতিয়া বানু শুকুর লেখা আর পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। আমার সঙ্গে অভিনয় করছেন প্রভা। স্বামী-স্ত্রীর সুখ-দুঃখ, পছন্দ-অপছন্দের দ্বন্দ্ব নিয়ে নাটকের গল্প। এ ছাড়া এনটিভিতে প্রচারিত হচ্ছে ইচ্ছেঘুড়ি। পাঁচ বন্ধুকে নিয়ে খুব মজার একটা নাটক। নাটকটি থেকেও বেশ সাড়া পাচ্ছি।
দৃষ্টি এখন...
অভিনেতা হওয়া আমার স্বপ্ন। মঞ্চ, নাটক, চলচ্চিত্র—সব মাধ্যমেই নিয়মিত ভালো কাজ করতে চাই।
l মো. সাইফুল্লাহ