'একটি সিনেমার গল্প' শুরু হচ্ছে

আগামীকাল থেকে চিত্রনায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প-এর শুটিং শুরু হচ্ছে। প্রায় ১৫ দিন ধরে এফডিসিতে শুটিংয়ের জন্য সেট তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করতে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আগামীকাল সকালের বিমানে কলকাতা থেকে ঢাকায় পৌঁছাবেন।
পরিচালক আলমগীর বলেন, ‘সকাল সাড়ে সাতটার বিমানে কলকাতা থেকে ঢাকায় পৌঁছাবেন ঋতুপর্ণা। আশা করছি, দুপুর ১২টায় শুটিং শুরু করতে পারব। সাবেরী আলম, আরিফিন শুভ ও ঋতুপর্ণা প্রথম দিন শুটিংয়ে অংশ নেবেন।’
আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। আলমগীর নিজেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। বিপরীতে আছেন চম্পা।
আলমগীর বলেন, ‘ছবিটি এখানকারই সিনেমার গল্প নিয়ে। পুরো ছবির শুটিং বাংলাদেশেই হবে।’ প্রথম ধাপে টানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই শুটিং চলবে। এই ধাপে ছবির ৬০ ভাগ কাজ শেষ হবে বলে আশা করছেন পরিচালক। দ্বিতীয় ধাপের শুটিং হবে ১০ অক্টোবর থেকে।