'একাকিত্ব নিজে বেছে নিয়েছি'

শিল্পী মনিরুল ইসলামের জন্ম ১৯৪৩ সালের ১৭ আগস্ট। তিনি স্পেন সরকারের বৃত্তি নিয়ে ১৯৬৯ সালে সেই দেশে যান এবং সেখানেই বসবাস করে স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন। তিনি ১৯৮৫ সালে জাতীয় চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, ছাপচিত্রে বিশেষ অবদান রাখায় স্পেনে ১৯৯৩ ও ১৯৯৭ সালে ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড অব স্পেন’, ১৯৯৯ সালে দেশে একুশে পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।
শুরুতে এই কথাগুলো বলার কারণ আছে। আজ ১৭ আগস্ট তাঁর জন্মদিন। আজ শুক্রবার তিনি পঁচাত্তরে পড়লেন। ‘শুভ জন্মদিন স্যার’, শুভেচ্ছা জানালে প্রথমেই তিনি বলেন, ‘কী খাইবা বলো। জানোই তো আমি রান্না করি, রান্না করতে ভালোবাসি!’ শিল্পী মনিরুল ইসলামের বাসায় ঢুকলেই নাকে ভেসে আসে রঙের গন্ধ। সুবিশাল ফ্ল্যাটের নানা দিকে শিল্পকর্ম। দীর্ঘদিন এচিং করলেও এখন তিনি পেইন্টিং করছেন। পেইন্টিংয়ে রং ব্যবহারে কোমলতার যে আরাধনা তিনি করছেন, তা দেখলেও চোখে শান্তি দেয়। দেখে সহজে বোঝা যায়, চিত্রের জমিনে তিনি অসাধারণভাবে আত্মবিশ্বাসী আর বুদ্ধিদীপ্ত।

সব সময় যেমনটা তাঁকে দেখা যায়, জন্মদিনেও তা-ই। উসখুস চুল, গালে খোঁচা খোঁচা দাঁড়ি। পঁচাত্তরে পড়লেন। স্যার, পাঠকদের জন্য আপনার শুরুর দিকের কথা বলবেন। আজ না হয় আরেকবার শুনি। নবীন পাঠকদেরও শোনার আগ্রহ থাকতে পারে। শিল্পী মনিরুল হতাশ না করে বললেন তাঁর শুরুর দিকের কথা।
পৈতৃক ভিটা চাঁদপুরে। তবে তাঁর জন্ম জামালপুরের ইসলামপুরে। শিল্পী বলেন, ‘ওই সময় আব্বা জামালপুরের পাবলিক হেলথের পরিদর্শক ছিলেন। আমার শৈশব কেটেছে কিশোরগঞ্জে। ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। কিছু বুঝতাম না। আঁকতে ভালো লাগত, তাই মনের আনন্দে আঁকতাম। আমাদের মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারে ছবি আঁকা পছন্দ করত না। তখন মফস্বল শহরে ছবি আঁকা মানে, সিনেমার ব্যানার, সাইনবোর্ড কিংবা রিকশা পেইন্টিং। তবে আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে দারুণভাবে উৎসাহ দিয়েছিলেন। কিশোরগঞ্জ রামানন্দ হাইস্কুলের হেডমাস্টার জগদীশ চন্দ্র রায় স্যার স্কুলের মাসিক দেয়ালিকার জন্য আমাকে অঙ্গসজ্জা করতে বলেন। আমি দেয়ালিকার অঙ্গসজ্জার বাইরে একটি কার্টুন আঁকি, যা দেখে সবাই খুব খুশি হয়েছিল। হেড স্যার আমাকে বললেন, তুমি ভবিষ্যতে চিত্রশিল্পী হবা। ওই প্রথম শুনলাম শিল্পী হওয়ার কথা। তারপর নিজের উদ্যমে আঁকতে থাকি।’

চারুকলায় আসা, পেশাদার শিল্পী হয়ে ওঠার কথা জানতে চাইলে শিল্পী জানালেন, ছাত্র হিসেবে তিনি তেমন ভালো ছিলেন না। এসএসসি পাস করেছিলেন একাধিকবার পরীক্ষা দিয়ে। এ কারণে বাবা স্বাভাবিকভাবেই হতাশ হন। কিছু হবে না, কিন্তু কী আর করা! অবশেষে আর্ট কলেজে ভর্তির ব্যাপারে তাঁরা রাজি হয়ে ঢাকায় পাঠালেন তাঁকে। ছাত্র জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘১৯৬১ সালে আর্ট কলেজে ভর্তি হয়ে পেনসিলের কাজ, নেচার স্টাডি, আউটডোর স্টাডির জন্য কঠোর পরিশ্রম করে ছবি আঁকার বিভিন্ন কৌশল আয়ত্ত করে ফেলি। তখন তুলি, ব্রাশ, কাগজ, ক্যানভাস, যা যা মিলত সেসব নিয়ে চলে যেতাম রায়েরবাজার, কারওয়ান বাজার, সোয়ারীঘাট, বুড়িগঙ্গা, সদরঘাট, পুরান ঢাকা, রমনা পার্কে। দেখে দেখে প্রচুর ছবি আঁকতে হয়েছে আমাদের।’
শিল্পী মনিরুল ইসলাম চারুকলায় শিক্ষকতা করেছেন। শিক্ষকতা শুরুর গল্প মজার। ১৯৬৬ সালের কথা। ফাইনাল পরীক্ষার পর বন্ধুদের অনেকেই পাকিস্তান টেলিভিশনে ৩০০ থেকে ৪০০ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তখনো অবশ্য রেজাল্ট বের হয়নি। একদিন শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাসায় গেলে তিনি বলেন, ‘কী করবা মিয়া। আর্ট কলেজেই থাকো, যদি চাকরি পাও। যদিও পয়সা কম কিন্তু স্বাধীনভাবে ছবি আঁকতে পারবা।’ কয়েক দিন পর তিনি তরুণ মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আর্ট কলেজে গেলেন। ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে পরিচয় করিয়ে দিলেন, ‘আজ থেইকা তিনি আপনাদের নতুন শিক্ষক। আপনি তাদের আন্তরিকভাবে শেখাবেন।’ ‘তুমি’ থেকে হঠাৎ আপনি বলায় লজ্জা পান মনিরুল ইসলাম।

সেই কবে গেছেন স্পেনে, বৃত্তি নিয়ে যাওয়া। শিল্পী হিসেবে স্পেনে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান পাওয়া, সংসার করা, বছরের পর বছর স্পেনে কাটানো মনিরুল ইসলামের স্পেনে যাওয়া কিন্তু হঠাৎ ঘটেছে। কোনো পরিকল্পনা ছিল না। এসব কথা হয়তো অনেকে জানেন। স্পেন যাত্রা, প্রতিষ্ঠা পাওয়ার ঘটনা আরেকবার জানতে চাই শিল্পীরা কাছে। ‘১৯৬৯ সাল, দেশে আন্দোলনের ঘনঘটা।’ বললেন মনিরুল ইসলাম। ‘ওই বছর স্পেন সরকার স্কলারশিপ ঘোষণা করে। তবে পূর্ব পাকিস্তানের সঙ্গে স্পেনের কোনো সম্পর্কই ছিল না। পশ্চিম পাকিস্তান থেকে কেউ আবেদন করেনি। আমি আরেকজনের সহযোগিতা নিয়ে আবেদন করি। তিন মাস পরে দেখি আমার নমিনেশন লেটার এসে গেছে। সাত দিনের মধ্যে স্পেন যেতে হবে। সেই সময় স্পেন যাওয়া-আসার টিকিটের দাম ছিল চার হাজার টাকা। এত টাকা ছিল না। তবে জোগাড় হয়ে যায়। তখন স্পেনের অর্থনীতি তেমন ভালো ছিল না। ফ্রাঙ্কোর স্বৈরশাসন। আমি স্পেন গিয়েছিলাম মিরর পেইন্টিং করতে, যেটাকে ফ্রেসকো বলে। জানি এক বছর পর চলে যাব, এ জন্য নতুন কিছু শিখে যাই। ফ্রেসকো খুব প্রিমিটিভ একটা মাধ্যম। এর জন্য মরা চুন, বালু দরকার। এখন কেউ ফ্রেসকো করে না। এরপর শুরু করি এচিং। একপর্যায়ে আমার স্কলারশিপ শেষ হয়। দেশে মুক্তিযুদ্ধ চলছে। বিবিসিতে দেশের খবর শুনি। উৎকণ্ঠায় দিন কাটে। দেশে আসার ভাড়া নেই। তারপর তো আমি স্পেনেই থেকে যাই।’ কথাগুলো বলতে গিয়ে তিনি আবারও জয়নুল আবেদিনের কথা স্মরণ করেন, ‘মনে আছে, স্পেনে যাওয়ার আগে আবেদিন স্যার বলেছিলেন, “মনির, যদি দৌড়াতে হয় তাহলে চ্যাম্পিয়নের পিছে দৌড় দিও, ল্যাংড়ার পেছনে দৌড়াইও না।” স্যারের এ কথাটি সব সময় আমার মনে পড়ত। চ্যাম্পিয়নের পিছে দৌড়াতে হবে।
ওই সময় নয় মাসের স্কলারশিপের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু ১৯৭১ সালের পর পাকিস্তান দূতাবাস স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্কলারশিপ বন্ধ করে দেয়। তিনি সিদ্ধান্ত নেন, নিজস্ব চিত্রভাষা তৈরি করবেন। শিল্পীর ভাষায়, প্রত্যেক শিল্পীর নিজস্ব চিত্রভাষা তৈরি করতে হয়। আমি চেষ্টা করেছি নতুন কিছু করতে।’ প্রসঙ্গত, এচিং মাধ্যমে তাঁর দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘মনির স্কুল’ কথাটি স্পেনে প্রতিষ্ঠা পেয়েছে।

আড়াই বছর আগে বাংলাদেশে এসেছেন তিনি। তিন মাসের জন্য। কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। এর মধ্যে কিছুদিন ভারতেও ছবি আঁকার কাজে যাওয়া হয়েছে। তবে বেশির ভাগ সময় ঢাকাতেই কেটেছে। বর্তমানে কোন মাধ্যমে কাজ করছেন? বললেন, ‘একই মাধ্যমে একনাগাড়ে দীর্ঘদিন কাজ করতে গিয়ে যখন হাঁপিয়ে উঠি, তখন মাধ্যম পরিবর্তন করি। একই সময়ে দুই মাধ্যমে কাজ করা আমার স্বভাববিরোধী। ফলে মাঝে মাঝেই এচিং সরিয়ে রেখে তেলচিত্র বা জলচিত্রে ডুবে যাই। এখন সবচেয়ে বেশি করছি পেইন্টিং।’
অল্প সময়ের মধ্যে তিনি অনেক বেশি ছবি আঁকেন। যেখানেই যান, পকেটে নেন নোট খাতা ও কলম। সুযোগ পেলেই এঁকে ফেলেন ছবি। এতে তাঁর শ্রমনিষ্ঠার পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি তাঁর সৃষ্টিশীল ক্ষমতার দিকটিও স্পষ্ট হয়ে ওঠে। শিল্পী বলেন, ‘অল্প সময়ে অধিক কাজ করার সুবিধা হলো, এতে মনোযোগ বিশ্লিষ্ট হওয়ার সুযোগ থাকে। হাতে তৈরি এবং সহজে পাওয়া যায় এমন নানা ধরনের কাগজের ওপর প্রতিনিয়ত চলে মনিরুল ইসলামের শিল্প নিরীক্ষা। কাগজের ওপর এচিং, অ্যাকোয়াটিন্ট, ড্রাই পয়েন্ট, সফটগ্রাউন্ড, রিলিফ, জেলোটিনসহ আরও অনেক মাধ্যমে ছাপ নিয়ে তার ওপর ওভারল্যাপ করে রঙের সঙ্গে কখনো তেল, কখনো পাথর কিংবা চালের গুঁড়া দিয়ে ছবি আঁকেন তিনি। এ ছাড়া কাগজে সম্পূর্ণ তেলরঙের মাধ্যমেও প্রচুর কাজ আছে তার।
উসখুস চুল, গালে খোঁচা খোঁচা দাড়িতে দেখা গেলেও পরিষ্কার-পরিচ্ছন্ন ও ফিটফাট থাকতে পছন্দ করেন। তাঁর মতে, চিত্রশিল্পী হলেই পাঞ্জাবি পরতে হবে, অগোছালো থাকতে হবে, তা তো নয়। স্পেনে সুতির হালকা রঙের শার্ট ও জিনস পরেন। বাংলাদেশে এলে খাদি কাপড় কিনে ফতুয়া তৈরি করে নেন। একা থাকেন ধানমন্ডির বাসায়। বাজার, রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া কিংবা ঘর মোছা—সবই নিজের হাতে করেন।

ছবি আঁকার জন্য দিনের কোন সময়টাকে বেছে নেন? মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকায় থাকলে দুপুরে খাওয়ার পরই আঁকতে বসে যাই। আর মাদ্রিদে সকালের নাশতা খেয়ে কাজে লেগে যাই। আঁকতে শুরু করলে আমি শ্রমিকের মতো ছবি আঁকি।’ ছবিতে তিনি সব সময়ই একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেন। চেষ্টা করেন সব মিলিয়ে ছবিটি যাতে সুন্দর হয়।
ঘরে তো অনেক ছবি। কোনো প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছেন? বললেন, ‘না, এখন শুধু আঁকছি। আমার কাজের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। মন সাড়া দিলে আঁকতে থাকি। মন সাড়া না দিলে কাজ মাঝপথে ফেলে রাখি দিনের পর দিন।’ কথা শেষ করে কিছু চিত্রকর্ম দেখালেন, যেগুলো অসমাপ্তভাবে পড়ে আছে।
নিজের মতো করে থাকতে ভালোবাসেন। নিজের সব কাজ তো বটেই, ঢাকার বা স্পেনের বাড়ি, দুই জায়গাতেই বাড়ির কাজ তিনি নিজে করেন। নিজেকে কখনো একা মনে হয় না। মনিরুল ইসলাম বলেন, ‘এই একাকিত্ব নিজেই বেছে নিয়েছি। এটা উপভোগ করি।’