'এক্সট্রা' শিল্পীরা এখন কী করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং নেই এফডিসিতে। দৈনিক মজুরিতে কাজ করা এই শিল্পীরা পড়েছেন সবচেয়ে বেকায়দায়।
শুটিং নেই এফডিসিতে। দৈনিক মজুরিতে কাজ করা এই শিল্পীরা পড়েছেন সবচেয়ে বেকায়দায়।

দুপুরের যে সময়টা থাকার কথা কর্মমুখর, সেই সময়ে এফডিসি এখন নিস্তব্ধ। কয়েকজন ‘এক্সট্রা’ শিল্পীকে ছড়িয়ে-ছিটিয়ে বসে থাকতে দেখা যায় সেখানে। কাজের খোঁজে এসেছেন। এখন কী করবেন তাঁরা, জানেন না এখনো।

গতকাল বৃহস্পতিবার এফডিসিতে গিয়ে দেখা যায় সুনসান নীরব চারপাশ। বেশির ভাগ ফ্লোরে নেই কোনো শুটিং। এফডিসির প্রবেশমুখ থেকে শুরু করে প্রশাসনিক ভবন, প্রযোজক সমিতি, দুই নম্বর ফ্লোর পেরিয়ে মান্না ডিজিটাল কমপ্লেক্স, শিল্পী সমিতি, ক্যানটিন—কোথাও তেমন কোনো মানুষ নেই। ক্যানটিন থেকে পরিচালক সমিতির দিকে এগোতেই কয়েকজনের দেখা পাওয়া যায়। এক নম্বর ফ্লোরের পাশেও দেখা গেল কয়েকজনকে। তাঁদের মধ্যে আছেন তরুণ এবং বৃদ্ধ শিল্পী। সবাই সিনেমার ‘এক্সট্রা’ চরিত্রের অভিনয়শিল্পী। করোনা নিয়ে সবাই যখন সতর্ক, তখন তাঁরা ঠায় বসে আছেন। শুটিং বন্ধ, এ খবর জানার পরও তাঁরা এসেছেন কাজের সন্ধানে। কেননা প্রতিদিনের কাজের রোজগারে সংসার চলে তাঁদের।

দুই দশক ধরে চলচ্চিত্রে এক্সট্রার চরিত্রে অভিনয় করেন শাপলা খাতুন। গত রাত থেকে তাঁর শরীর ভালো নয়। সর্দি আর হালকা গলাব্যথা নিয়ে সেখানে বসে আছেন তিনি, যদি কেউ ডাকে! গলাব্যথা কেন? জানতে চাইলে বলেন, সামান্য চাল অবশিষ্ট ঘরে। সেগুলো পরদিনের জন্য রেখে দিয়েছিলেন। রাত কাটিয়েছেন নারকেল আর মুড়ি খেয়ে। নারকেল সামান্য পচা ছিল বলে সামান্য ধুয়ে খেয়েছিলেন। তাঁর ধারণা, নারকেলের কারণেই গলা বসে গেছে। এখন অভিনয় করবেন কীভাবে, এ নিয়ে দুশ্চিন্তায় তিনি। কাজ না করলে শাপলা, রত্না, শেফালির মতো কয়েক শ এক্সট্রা শিল্পীকে থাকতে হবে না খেয়ে।

শাপলা বলেন, ‘শুনেছি, বঙ্গবন্ধুকে নিয়ে যে ছবিটা বানানো হবে, সেখানে ৪০ দিনের কাজ শেষ করে মিডিয়া থেকে বিদায় নেব। এখন কাজ নেই। কীভাবে চলব বুঝতে পারছি না। এমনিতেই খারাপ অবস্থা, তাঁর ওপর এই করোনা আমাদের একেবারেই বেকার করে দিয়েছে।’ পাশ থেকে আরেকজন বলেন, ‘২২ বছর ধরে অভিনয় করি। দিন দিন যেভাবে কাজ কমছে, এখন মনে হয় আর কাজ করাই হবে না।’

এক্সট্রা চরিত্রের অভিনেত্রীদের কাজ এমনিতেই কমছে। তার ওপর করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হওয়ায় সবাইকে বেকার হয়ে থাকতে হবে। এ নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত। শেফালি বলেন, ‘এখন শুটিং বন্ধ হয়ে গেলে আমাদের মতো এক্সট্রাদের দেখার কেউ থাকবে না। অভিনয়টা ছাড়তেও ইচ্ছা করে না। কী করে খাব। অন্য কাজও জানি না।’
এফডিসির তালিকাভুক্ত ‘এক্সট্রা’ শিল্পীরা বেশির ভাগই এখন আর নিয়মিত কাজ পান না। তাঁদের চরিত্রগুলো দিন দিন সিনেমার গল্প থেকে বাদ যাচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে এসব এক্সট্রা চরিত্রের শিল্পী বেকার হয়ে যাওয়ার শঙ্কায় আছেন।