'এক্সপেনড্যাবলস ৩' ছবির শুটিং শুরু করলেন শোয়ার্জনেগার

সম্প্রতি ‘এক্সপেনড্যাবলস ৩’ ছবির শুটিং শুরু করেছেন হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।
‘এক্সপেনড্যাবলস ৩’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্যাট্রিক হাগস। অ্যাকশন ঘরানার এই ছবিতে অভিনয়ের পাশাপাশি এর কাহিনি লিখেছেন ‘র্যাম্বো’ তারকা সিলভেস্টার স্ট্যালোন। যৌথভাবে ছবিটির চিত্রনাট্যও লিখেছেন স্ট্যালোন। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন জেসন স্টেথাম, জেট লি, র্যান্ডি কাউচার, টেরি ক্রুস, অ্যান্টোনিও ব্যান্ডেরাস, মেল গিবসন, গ্লেন পাওয়েল প্রমুখ। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৫ আগস্ট।
প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শোয়ার্জনেগার টুইটারে লিখেছেন, ‘এক্সপেনড্যাবলস ৩’ ছবির শুটিং শুরুর দিনটি দারুণ কেটেছে। পরিচালক প্যাট্রিক ও হ্যারিসনের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে তাঁর।
‘এক্সপেনড্যাবলস ৩’ ছবিতে তাঁকে কেমন দেখা যাবে, তার ধারণা দিতে টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন শোয়ার্জনেগার। সেখানে দেখা গেছে, পাইলটের পোশাক পরে সিগার ফুঁকছেন তিনি।

এদিকে, জনপ্রিয় ‘এক্সপেনড্যাবলস’ সিরিজের তৃতীয় সিক্যুয়েলে ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলিসের স্থলাভিষিক্ত হয়েছেন হ্যারিসন ফোর্ড। এই ছবিতে অভিনয়ের পারিশ্রমিক সন্তোষজনক না হওয়ায় শেষ মুহূর্তে পিঠটান দেন ব্রুস। পরে তাঁর পরিবর্তে ফোর্ডকে অন্তর্ভুক্ত করেন ছবির গল্পকার ও অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। এ জন্য ব্রুসের কড়া সমালোচনা করে তাঁকে লোভী বলেছেন স্ট্যালোন।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় স্ট্যালোন লিখেছেন, ‘উইলিস আউট...হ্যারিসন ফোর্ড ইন।’ ব্রুস উইলিসকে ‘লোভী’ ও ‘অলস’ বলেও তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘লোভী ও অলস। ক্যারিয়ারে ভরাডুবি ঘটানোর এক নিশ্চিত পন্থা।’ এক খবরে এ তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’।