'এখন আমি পুরোদস্তুর অভিনেতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরমান পারভেজ মুরাদ
আরমান পারভেজ মুরাদ

আরমান পারভেজ মুরাদ। অভিনয়শিল্পী। কাজ করছেন চলচ্চিত্র, মঞ্চ ও টিভি নাটকে। আবৃত্তিও করেন। আজ একুশে টিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
আবৃত্তি এবং আমি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন প্রথম বর্ষে পড়ি। বিজয় দিবসের অনুষ্ঠানে ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি আবৃত্তি করেছিলাম। সেদিন মাইক্রোফোনে আমার কণ্ঠস্বরটা শুনেই কেন যেন মনে হলো, আবৃত্তিটা নিয়মিত করা উচিত। সেই থেকে কণ্ঠস্বরের চর্চা নিয়মিতই করছি। রেডিওতে কাজ করছি। অসংখ্য বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিয়েছি।
‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ এবং অন্যান্য...
নাটকে আমার চরিত্রটা একটু ‘চালু’ প্রকৃতির। এটি প্রচারিত হওয়ার পর আমার এক বড় ভাই ফোন করেছিলেন। নাটকের এই চরিত্রের মতো তাঁর নাকি এক বন্ধু আছে। এনটিভিতে আমার অভিনীত একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে, নাম করপোরেট। এ নাটকে আমি থিয়েটারকর্মী। যেহেতু বাস্তব জীবনে দীর্ঘদিন থিয়েটারে কাজ করেছি, তাই বেশ ভালো লাগছে।
মঞ্চ এবং আমি...
নয় বছর কাজ করেছি রাজশাহী সাংস্কৃতিক সংঘে। ঢাকা আরামবাগ থিয়েটারের সঙ্গেও নাটক করেছি। মঞ্চে দাঁড়িয়ে যখন কথা বলতাম, পুরো হলঘর গমগম করত। ওই সময়গুলো খুব মিস করি। শিগগিরই হয়তো মঞ্চে নতুন কোনো নাটক করব।
ভালোবাসি বৈচিত্র্য...
আমি মনে করি, ছোট্ট একটা জীবন একটু বৈচিত্র্যময় হলে ক্ষতি কী? পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগে। এরপর বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছি, মারমেইডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলাম, একটি গ্রুপ অব কোম্পানিজেও কাজ করেছি। এখন আমি পুরোদস্তুর অভিনেতা।
চলচ্চিত্রের খবর...
মনসুর আলীর পরিচালনায় সংগ্রাম নামে একটি চলচ্চিত্রে পাকিস্তানি সেনাবাহিনীর মেজরের ভূমিকায় অভিনয় করছি। ছবিটি এ বছর ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

মো. সাইফুল্লাহ