মৌসুমী হামিদ। তাঁর অভিনীত নতুন ধারাবাহিক নাটক রেডিও চকলেট রিলোডেড ও ভালোবাসার চতুষ্কোণ। প্রথমটি প্রচারিত হচ্ছে দেশ টিভিতে আর দ্বিতীয়টি এনটিভিতে।মিডিয়ায় আগ্রহী হলাম...ছোটবেলা থেকেই টিভি দেখার নেশা। সব নাটকই দেখা হতো। টিভিতে পছন্দের অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। তাঁর অভিনয় দেখে মনে মনে ভাবতাম, আমিও যদি অভিনয় করতে পারতাম। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় খুলনা অঞ্চল থেকে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করি। এই প্রতিযোগিতায় আমি প্রথম রানারআপ হই। প্রথম নাটক...‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর প্রথম অভিনয় করি খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলা আমার মাতৃভাষা নাটকে। আমার সঙ্গে ছিলেন শাহেদ। মাস কয়েক আগে নাটকটি প্রচারিত হয়। তবে টেলিভিশনে প্রচারিত আমার প্রথম নাটক হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বিয়োগফল।মৌসুমী নাম নিয়ে বিড়ম্বনা... মৌসুমী আপার ছবি ছোটবেলা থেকেই দেখছি। কেয়ামত থেকে কেয়ামত দেখার পর থেকেই মৌসুমী আপার ভক্ত আমি। তারপর তাঁর অনেক ছবি দেখেছি। তবে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর মৌসুমী নাম নিয়ে কিছুটা সমস্যা হতো। অনেকেই বলতেন, কোন মৌসুমী? এরপর আস্তে আস্তে সবাই লাক্সের মৌসুমী হিসেবে আমাকে চিনেছে। এখন আমি লাক্সের মৌসুমী। রোশনীর পর...রোশনীর পর কলকাতার সিরিয়ালে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছিল। কিন্তু আমি দেশের নাটকে কাজ করতে চেয়েছি। তাই আর কলকাতার নতুন কোনো সিরিয়ালে অভিনয় করতে আগ্রহী হইনি। তবে কলকাতার একজন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে আলাপ হচ্ছে। ‘রেডিও চকলেট রিলোডেড’ ও ‘ভালোবাসার চতুষ্কোণ’...রেডিও চকলেট রিলোডেড নাটকের নির্মাতা রেদওয়ান রনি। অনেক প্রেমের নাটকে অভিনয় করেছি, কিন্তু রেডিও চকলেট রিলোডেড নাটকে প্রেম ও অন্য বিষয়গুলো ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আর ভালোবাসার চতুষ্কোণ শিহাব শাহীনের সঙ্গে আমার দ্বিতীয় নাটক। মনজুর কাদের