'এখন আমি শতভাগ সচেতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামল মাওলা । অভিনয়শিল্পী। একই সঙ্গে কাজ করছেন মঞ্চ ও টিভিতে। বিটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়া । এতে অভিনয় করেছেন তিনি। নাটকটি তৈরি করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। গতকাল শনিবার তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি ছিলেন বাসায়।

শ্যামল মাওলা
শ্যামল মাওলা

বাসায়! শরীর খারাপ নাকি?
না না। শবে বরাতের জন্য কোনো কাজ হবে না, তাই বাসায় আছি। ছেলের সঙ্গে। গত ৮ মে আমি বাবা হয়েছি। ছেলের নাম রেখেছি শ্রেয়ন মাওলা। কাজের জন্য ছেলের সঙ্গে খুব একটা থাকা হয় না।
আপনি ‘উজান গাঙের নাইয়া’ নাটকে কাজ করেছেন।
বিবিসি মিডিয়া অ্যাকশনের এই নাটকের কাজ করেছি মানিকগঞ্জের নবগ্রামে। মজার ব্যাপার হলো, নাটকটির জন্য বড়দের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। তাঁর সঙ্গে কাজ করার সময়টা আমি দারুণ উপভোগ করি। তিনি কী চান সেটা যেমন আমি বুঝি, আবার আমাকে দিয়ে কোন কাজটা হবে, এটাও তিনি ভালো বোঝেন। ফলে আমাদের কাজটা ভালো হয়।
‘উজান গাঙের নাইয়া’ নাটকে গর্ভবতী মা আর নবজাতকের স্বাস্থে্্৵র ব্যাপারে সবাইকে সচেতন করা হয়েছে। এই নাটকে অভিনয় করার পর আপনি নিজে কতটা সচেতন হয়েছেন?
এই নাটকে কাজ করার আগে এ ব্যাপারে তেমন কিছুই জানতাম না। এখন আমি শতভাগ সচেতন। আমার স্ত্রী আর ছেলের ব্যাপারে খেয়াল রাখছি। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গেও কথা বলি। যখন শুটিংয়ের জন্য বাইরে যাই, তখন মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রাখি। দুজনেরই খোঁজ নিই।
আপনার এখন আরেকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে, ‘ধন্যি মেয়ে’।
হ্যাঁ, চ্যানেল নাইনের এই নাটকের পেছনের গল্পটি অনেক বড়। বেগম রোকেয়ার সংগ্রামের কথা মাথায় রেখে নাটকের গল্প তৈরি করা হয়েছে। এখানে ধন্যি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। তাঁর সাফল্যের পেছনে যে মানুষটি নীরবে অবদান রেখে যায়, সেই মানুষটি আমি।
মঞ্চের কী খবর?
আমি দেশ নাটকের সদস্য। এখন দেশ নাটকের জন্মে জন্মান্তর নাটকটি নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। এখানে আমি অভিনয় করছি।
বিনোদন প্রতিবেদক