‘এখন আর কথা বলা যাচ্ছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফডিসির ২ নম্বর ফ্লোরের সামনে বড় রকমের জটলা। সারি সারি অনেক গাড়ি দাঁড়ানো। কোনো নির্বাচন? মনে মনে ভাবি। কাছাকাছি যেতেই পরিষ্কার হয়ে গেল। এনটিভির লোগো লাগানো গাড়ি। তাহলে ক্লোজআপ ওয়ানের শুটিং? ভাবতে ভাবতে ফ্লোরের ভেতরে ঢুকে যাই। স্টুডিওতে ঢুঁ দিয়ে দেখি ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর প্রতিযোগিতার ইয়া বড় সেট ফেলা হয়েছে। গ্রিনরুমের সামনে পাওয়া গেল অনুষ্ঠানটির প্রযোজক আলফ্রেড খোকনকে। তিনি বললেন, আজ প্রতিযোগীদের কণ্ঠে ব্যান্ডের গানের ধারণ পর্ব হবে। এখন খাওয়ার বিরতি।কোন কোন ব্যান্ডের গান থাকছে?‘ফিডব্যাক, সোলস, ওয়ারফেজ ও দলছুট’। বললেন খোকন। এর মধ্যে অনুষ্ঠানটির বিশেষ অতিথি বিচারক মাইলসের শাফিন আহমেদ এসে ঢুকলেন। সোজা গ্রিনরুমের দিকে হাঁটছেন। পেছনে পেছনে রওনা হলাম। গ্রিনরুমে উঁকি দিয়ে দেখি, মেকআপ নিচ্ছেন অনুষ্ঠানের বিচারকদের একজন ফাহমিদা নবী। পাশেই চেয়ারে বসা ওয়ারফেজের টিপুসহ টিমের সদস্যরা। ওখান থেকে বের হয়ে পরিচালক সমিতির কার্যালয়ের দিকে রওনা হয়েছি। পাশেই ইউনিয়ন চত্বরে দেখি, ঝুলন্ত জালে একটি মেয়ে দুলছেন আর দুটি ছেলেবন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন। এটা শুটিং কি না, বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে দেখি, তিনজনের এই আড্ডাকে কয়েকজন আলোকচিত্রী স্থির ক্যামেরায় বন্দী করছেন। তাঁদের একজন, নিঝুম, জানান, এয়ারটেলের একটা স্থির বিজ্ঞাপনের ছবি তোলা হচ্ছে।ফেরার পথে সামনে ৯ নম্বর ফ্লোরে দেখি ফ্লোরজুড়ে ভূগর্ভস্থ পানির লাইনের বড় বড় সেট ফেলা হয়েছে। শুটিং শুরু হয়নি। প্রস্তুতির কাজ চলছে। একজন জানান, মালেক আফসারীর ফুল অ্যান্ড ফাইনাল ছবির শুটিংয়ের সেট। দেখা হলো ছবির সহযোগী পরিচালক মিরাজ আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘মাদকসম্রাটের আস্তানা এটি। পুলিশ অফিসার হিরো মাদকসম্রাট লিডারকে ধাওয়া করেন। পালিয়ে এসে লিডার এই আস্তানায় ঢুকে পড়েন। আস্তানায় দুই পক্ষের মারপিট হবে। হিরো এলেই শুটিং শুরু হয়ে যাবে।’ হিরো কোথায় জানতে চাইলে তিনি বলেন, গ্রিনরুমে।গ্রিনরুমে ঢুঁ মারি। ভেতরে মেকআপ নিচ্ছিলেন ছবির নায়ক শাকিব খান। এর মধ্যে ইউনিটের একজন এসে বিনয় সহকারে শাকিব খানকে বললেন, ‘ভাই, দেশ থেকে আমার কয়েকজন লোক এসেছে। আপনার ভক্ত। আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনি যদি বলেন তাহলে...।’ হাসতে হাসতে শাকিব খান ‘হ্যাঁ’ বলে সায় দিলেন। ঢুকে পড়লেন কয়েকজন নারী ও শিশু। তাঁরা শাকিবের সঙ্গে ছবিও তুললেন।লোকেশন থেকে সংবাদ এল দৃশ্য ধারণ হবে।‘ভাই, এখন আর কথা বলা যাচ্ছে না। পরে অন্য একদিন হবে।’বলেই শাকিব সেটের দিকে রওনা দিলেন।