আল মনসুর। অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মাছরাঙা টিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক মামলাবাজ। এতে অভিনয় করেছেন তিনি।

‘মামলাবাজ’ নাটকে কথায় কথায় মামলা করেন। ব্যক্তিজীবনের সঙ্গে এর কোনো মিল আছে?
আমি জীবনেও কোনো মামলা করিনি৷ থানা কিংবা আদালতের কিনার দিয়েও যাইনি। ওরে বাবা, মামলার নাম শুনলেই আমি নাই!
নাটকটি আপনার কাছে কেমন লাগছে?
ভালোই তো। গল্পে বেশ মজা আছে। অনেক শিল্পী। বৃন্দাবন দাসের লেখা আর পরিচালক সৈয়দ শাকিল। আসলে চারদিকে এত জটিলতা, নাটকও যদি জটিল হয়, তাহলে দর্শক দেখবে কী?
আপনি তো একসময় বিটিভির প্রযোজক ছিলেন৷
হ্যাঁ, ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। এরপর বিদেশে চলে যাই। দেশে ফিরে ২০০৬ সাল থেকে টিভিতে আবার নিয়মিত কাজ করছি।
একসময় বিটিভির ঈদের নাটকের প্রতি সবার অন্য রকম আকর্ষণ ছিল৷
তখন একটাই চ্যানেল ছিল, বিটিভি। এখন দেশ-বিদেশের অনেক চ্যানেল৷ দর্শক কোনটা রেখে কোনটা দেখবে! আগে অবশ্য বিটিভির ঈদের নাটক কিংবা অনুষ্ঠানগুলো নিয়ে অনেক পরিকল্পনা করা হতো৷ তাই মানের দিক থেকে সেগুলো ছিল অন্য মাত্রার। দর্শকও ঈদের নাটকের জন্য অপেক্ষা করে থাকতেন।
এখন ঈদের নাটক কেমন মনে হয়?
এখন নাটক তৈরি অনেক খরচ এবং সময়সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন চ্যানেল থেকে যে টাকা দেওয়া হয়, তা দিয়ে একটি নাটক তৈরি করতে নির্মাতাকে হিমশিম খেতে হয়। সব ক্ষেত্রেই তাকে আপস করতে হয়। ঈদের সঙ্গে হাসি আর আনন্দের যোগ রয়েছে। তাই নির্মাতারাও এ সময় হালকা মেজাজের নাটক তৈরি করেন৷
টিভিতে যখন আপনার নাটক প্রচারিত হয়, দেখতে পারেন?
আমার কোন নাটক কবে, কোথায়, কখন দেখানো হয়, কিছুই জানি না। এখন টিভি দেখা বড় যন্ত্রণা৷ বিজ্ঞাপন, বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। চ্যানেলের মানুষজনও বিজ্ঞাপনের চাপে নিজেদের ইচ্ছামতো নাটকের যেখান থেকে খুশি, ফেলে দেন৷ কিছুই বলার নেই।