‘এখন থেকে ভক্তদের জন্য শুধু মঞ্চে গান করব। টিভি, রেডিও, অডিও অ্যালবাম কিংবা চলচ্চিত্রে আর গান করব না। আজ থেকে আমি একজন রাজনীতিবিদ। রাজনীতিতেই পুরো সময়টা দিতে চাই। রাজনীতিবিদ হিসেবে দল ও দেশের জন্য কাজ করব।’ বললেন সংগীতশিল্পী আসিফ। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগীতাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে দূরে সরে যাওয়ার ঘোষণা দিলেন আসিফ। তিনি আরও বলেন, ‘আমার ১০ বছরের সংগীতজীবনে শ্রোতাদের কতটা আনন্দ দিতে পেরেছি জানি না, এবার রাজনীতিবিদ হিসেবে দেশ ও দলের জন্য অবদান রাখতে চাই। এখন থেকে আমি শতভাগ রাজনীতিবিদ।’ নিজের ব্যবসার সঙ্গেও জড়িত থাকবেন। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন ও পরিবারকে সময় দেবেন।আসিফ সংগীতজগতে নানা অসামঞ্জস্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার সংগীতজগত্ ছেড়ে যাওয়ার খবরে অনেকেই কষ্ট পেয়েছেন। আমি মনে করি, শিগগিরই তারা পুরো ব্যাপারটি অনুধাবন করতে পারবেন। আর আমি সরে যাওয়ার ফলে নতুন শিল্পীরা নিজেদের জায়গা করে নিতে পারবে।’ সংগীতজগৎ থেকে দূরে সরে গেলেও তিনি যে রাজনৈতিক দলের সদস্য, প্রয়োজনে তার জন্য গান করবেন।২৫ মার্চ আসিফের জন্মদিন। ওই দিন থেকেই তিনি এই নতুন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করবেন।