'এখন শুধু গান আর গান'
ক থো প ক থ ন: মং উ চিং মারমা। ‘বাংলাদেশি আইডল’ হয়েছেন তিনি। গত শুক্রবার রাতে এসএ টিভিতে প্রচারিত হলো এই প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান

‘বাংলাদেশি আইডল’ হয়েছেন। আপনাকে শুভেচ্ছা।
ধন্যবাদ। আমাকে আশীর্বাদ করবেন।
কেমন লাগছে?
খুব ভালো লাগছে। এবারই প্রথম ‘বাংলাদেশি আইডল’ আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় আমি সেরা হয়েছি। তাই আরও বেশি ভালো লাগছে।
পুরস্কার পাওয়ার পর আপনার পরিবারের সঙ্গে কথা হয়েছে?
না এখনো (শনিবার, বেলা সাড়ে ১১টা) পর্যন্ত কথা বলতে পারিনি। আমার বাবা-মা, বোন সবাই বান্দরবানে থাকেন। দেশের বর্তমান পরিস্থিতির কারণে তাঁরা কেউ ঢাকায় আসতে পারেননি। যখন ‘বাংলাদেশি আইডল’ হিসেবে আমার নাম ঘোষণা করা হলো, তখন তাঁদের খুব মিস করেছি।
আপনার বাসায় কে কে আছেন?
বাবা বান্দরবান সরকারি কলেজে চাকরি করেন, মা গৃহিণী। দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর ছোট বোন পড়াশোনা করছে।
আপনার পড়াশোনার খবর কী?
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে এবার আর পরীক্ষা দেওয়া হবে না। ঢাকা থেকে ফিরে গিয়ে ২০১৫ সালের জন্য প্রস্তুতি নেব।
পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ টাকা, একটি নতুন গাড়ি।
টাকা দিয়ে কী করব—তা এখনো ভাবিনি। বাসায় ফিরে গিয়ে বাবা-মার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করব। শিগগিরই গাড়ি চালানো শিখব। বান্দরবান কিন্তু খুব সুন্দর। গাড়ি নিয়ে ওখানে বেড়াব।
গানের বাইরে আর কী করেন?
ছবি আঁকি, ক্যামেরা দিয়ে ছবি তুলি।
সামনের দিনগুলো নিয়ে কিছু ভেবেছেন?
এখন শুধু গান আর গান। নতুন একটি জগতে আমার যাত্রা শুরু হলো। এখানে যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সবার কাছে সেই সহযোগিতা চাইছি।
বিনোদন প্রতিবেদক