'এখনই আমার গান শেখার শুরু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা ইয়াসমীন লায়লা।
সুলতানা ইয়াসমীন লায়লা।

যে মুহূর্তে ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা হলো...
প্রথমেই ইচ্ছা হচ্ছিল শ্রদ্ধেয় বিচারকদের পা ছুঁয়ে সালাম করি। সেই ইচ্ছাটা পূরণ হলো। কিন্তু এর পরই যে ইচ্ছাটা হলো, সেটা পূরণের উপায় ছিল না। ইচ্ছা করছিল এক দৌড়ে আমার গ্রামে চলে যাই। নাটোরের বনপাড়ার মহিষভাঙ্গায়। বাড়ি ফেরার জন্য অস্থির লাগছিল। আমাকে সারা দেশের মানুষই এসএমএসের মাধ্যমে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন। কিন্তু আমার গ্রামের মানুষের আবেগ ছিল অন্য রকম।
যেদিন ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২-এর প্রতিযোগী হিসেবে নাম নিবন্ধন করেছিলাম...
আমাদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নেই, পত্রিকা নেই। পরিচিত একজনের কাছে অডিশনের কথা শুনেছিলাম। নাম নিবন্ধন করার সময় তেমন কিছু মাথায় আসেনি। কিন্তু অডিশন দেওয়ার দিন কেন যেন মনে হচ্ছিল, ইয়েস কার্ড নিয়েই বাড়ি ফিরব।
তারকা হওয়ার আগে, পরে...
আমার বাবা শফিকুল মৃধা। আশপাশের লোকজন আমাকে শফিকের মেয়ে হিসেবে চিনতেন। এখন সারা দেশের মানুষ আমাকে চেনেন লায়লা নামে। আগে ঢোল, বাঁশি ছাড়া গাইতে পারতাম না। এখন কত কী আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে গান গাই!
গান নিয়ে এখন...
আমি মনে করি, প্রকৃত অর্থে এখনই আমার গান শেখার শুরু। শিখছি। ইউডাতে (ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ) সংগীত বিভাগে স্নাতক করছি। কিছুদিন পর দেশের বাইরে যাব গান করতে, তার প্রস্তুতি চলছে।
লালনকে যেভাবে হূদয়ে লালন করি...
লালনের প্রতিটি গান নিজেকে, সমাজকে, সৃষ্টিকর্তাকে চেনার কথা বলে। মানুষের কল্যাণের কথা বলে। অনেক ছোটবেলা থেকে লালনের গান গাই।
দ্বৈত কণ্ঠের গানে স্বপ্নের সহশিল্পী...
এত বড় স্বপ্নের কথা বলতে তো সাহস হয় না। তার পরও বলি। আমার খুব ইচ্ছা, একদিন এন্ড্রু কিশোরের সঙ্গে গান গাইব!
ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২ প্রতিযোগিতায় আমার দৃষ্টিতে সেরা...
আমি সব সময় আমার ভোটটা ঋতুরাজ ভাইয়াকেই দিয়ে এসেছি। ঋতুরাজ ভাইয়ার গানে যেমন দখল, তেমনি মানুষ হিসেবেও তিনি খুব ভালো।
মো. সাইফুল্লাহ