'এখনকার প্রজন্ম, টেরাবাইট প্রজন্ম': ইন্দ্রনীল রায় চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দ্রনীল রায় চৌধুরী
ইন্দ্রনীল রায় চৌধুরী

আজ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো ঢাকা লিট ফেস্ট। তিন দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনেই প্রদর্শিত হয় ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার শহর’। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
ছবি প্রদর্শনী শেষে সংক্ষিপ্ত এক আলোচনা পর্বের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী, জয়া আহসান ও পশ্চিমবঙ্গের সাহিত্যিক সংগীতা বন্দ্যোপাধ্যায়।
আলোচনার একপর্যায়ে ইন্দ্রনীলের কাছে চিত্রনাট্য লেখার কৌশল জানতে চান এক দর্শক। তখন ‘ফড়িং’ সিনেমাখ্যাত এই নির্মাতা নবীন নির্মাতাদের প্রচুর ছবি দেখার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, এই প্রজন্ম টেরাবাইট প্রজন্ম। কার কাছে কয় টেরাবাইট ছবি আছে, এখন সেই প্রতিযোগিতা চলে। কিন্তু ছবি দেখে তা থেকে কোনো শিক্ষা নেওয়ার চর্চাটা এখন আর সেভাবে দেখা যায় না।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আধুনিক সভ্যতার সবচেয়ে বড় আশীর্বাদ হলো এখন ঘরে বসেই দেশ-বিদেশের অনেক সিনেমা দেখা যায়। তবে, ১০০টি ছবি দেখার চেয়ে একটি ভালো ছবি ১০০ বার দেখা অনেক ভালো। তাহলে কিছু শেখা যায়।’
আর ভালো ছবি নির্মাণের জন্য পরিচালক ও চিত্রগ্রাহকের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকাও জরুরি বলে মনে করেন ইন্দ্রনীল। এ প্রসঙ্গে তিনি মজা করে বলেন, ‘ছবির পরিচালক আর চিত্রগ্রাহকের মধ্যে সম্পর্কটি একদম দম্পতির মতো হওয়া উচিত। চিত্রগ্রাহকের সঙ্গে পরিচালকের সম্পর্কটা এমন হতে হবে, যেন দুই পা ছড়িয়ে বসে অনায়াসে দুজন গল্প করতে পারে। অর্থাৎ পরিচালক কী চাইছে তা যেন চিত্রগ্রাহক ঠিকঠাক ধরতে পারেন। তা না হলে মুশকিল।’
‘ভালোবাসার শহর’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। ছবিটি অনলাইনেও প্রকাশ করা হয়েছে।