
আবদুল কাদের। হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। এ নাটকে ‘বদি’ চরিত্রটি তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি। আজ আবার নাটকটি প্রচারিত হবে বিটিভিতে।
একজন আবদুল কাদের, একজন বদি...
কোথাও কেউ নেই যেমন একটি ঐতিহাসিক নাটক, বদিও আমার জন্য একটি ঐতিহাসিক চরিত্র। এখনো অনেকে ‘বদি ভাই’ বলে ডাকেন। এমনকি ছোটরা ‘বদি চাচা’ ডাকে!
বদি বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল বলে...
শুটিংয়ের সময়ই কীভাবে যেন জানাজানি হয়ে যায়, বাকের ভাইয়ের ফাঁসি হবে। বদি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমার বাসার আশপাশে পোস্টারিং হয়েছিল, আমি যেন সাক্ষ্য না দিই। পরিচিতরা অনেকে তো আমার সঙ্গে ভালোভাবে কথাও বলত না। এর আগে মজার কাণ্ডগুলোর জন্য দর্শক কিন্তু বদিকে ভালোবেসেছিল। তাই পরে হয়তো ক্ষমা করে দিয়েছে। আমি হুমায়ূন ভাইকে বলেছিলাম, ফাঁসি না হলে হয় না? তিনি বলেছিলেন, ‘বাকের ভাইয়ের ফাঁসি কেউ ঠেকাতে পারবে না।’
পর্দায় কম উপস্থিতি প্রসঙ্গে...
অভিনয় যে করছি না, তা তো না। টুকটাক করছি। বেশি করা হয় না। কারণ, ভালো স্ক্রিপ্ট পাই না। যাঁরা ভালো স্ক্রিপ্ট লিখতেন, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সেলিম আল দীন—তাঁরা কেউ নেই। অনেকে এখনো ভালো স্ক্রিপ্ট লিখছেন। তাই টুকটাক করা হচ্ছে।
পর্দায় মজার মানুষ, বাস্তবে...
আমার মজা করতে ভালো লাগে। সে জন্যই এনটিভিতে ‘হা-শো’ অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করছি। মামা, দুলাভাই—এ চরিত্রগুলো মজার, তাই এগুলো করতে ভালো লাগে। বাস্তবে কাজের ক্ষেত্রে আমি খুব সিরিয়াস।
যেদিন মঞ্চে প্রথম দাঁড়ালাম...
আমি তো মঞ্চেরই মানুষ। সেই স্কুলজীবন থেকে নাটক করছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মঞ্চে প্রচুর নাটক করেছি। প্রথম নাটক রবীন্দ্রনাথের ডাকঘর, তখন আমি ক্লাস নাইনে পড়ি। সেটা ছিল ভয় আর রোমাঞ্চের মিশেল!
যদি ২০ বছর পেছনে ফিরে যেতে পারতাম...
আরও বেশি নাটক করতে পারলে ভালো লাগত। ওই সময় যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে আরও সময় কাটাতে পারতাম। আমার মনে হয়, বেশি নাটক করতে পারলে দর্শকও খুশি হতেন। এখন তো দেশে অস্থির সময়। একটা কথা আছে, ‘যায় দিন ভালো’। ২০ বছর আগে অবশ্যই মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা বেশি ছিল। সবাই মিলে আবার নতুন করে শুরু করতে পারলে ভালো লাগত।
মো. সাইফুল্লাহ