'এখনো মনে হয়, এটিই আমার প্রথম নাটক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: সুমাইয়া শিমু। ছোট পর্দার অভিনয়শিল্পী। মাছরাঙা টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক নারী। এতে অভিনয় করেছেন তিনি

সুমাইয়া শিমু।
সুমাইয়া শিমু।

‘নারী’...
আমার পছন্দের নাটকগুলোর মধ্যে অন্যতম নারী। নাটকের গল্পটা নারীপ্রধান। একজন নারী সংকটাপন্ন পরিস্থিতি কীভাবে কাটিয়ে উঠতে পারেন, তা-ই দেখানো হয়েছে।
নাটক শুরুর আগে...
গল্পটা ভালোভাবে পড়ি। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করি। নিজের অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অভিনয়টুকু করার চেষ্টা করি।
১৫ বছর ধরে অভিনয় করছি...
আমি অভিনয় করছি ১৫ বছর হলো। আমার কাজের ধরনটা ধীরগতির। এখনো নাটকে অভিনয় করলে মনে হয়, এটিই আমার প্রথম নাটক। এর ফলে অভিনয়টা ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
অভিনয়ে সবচেয়ে বড় প্রাপ্তি...
দর্শকের ভালোবাসা। এটাই একমাত্র পেশা, যার মাধ্যমে মানুষের খুব কাছাকাছি যাওয়া সম্ভব। একজন মানুষ আমাকে সামনাসামনি দেখে না, অথচ টিভিতে দেখে ভালোবাসে। আমার জন্য মন খারাপ করে। আমার আনন্দে খুশি হয়।
নতুন কাজ...
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে গতকাল সোমবার শুরু হলো ধারাবাহিক নাটক একজন মায়াবতীর শুটিং। এই নাটকে অভিনয় করব। পরিচালনা করছেন মাজহারুল ইসলাম। নাটকটি নিয়ে একটু মানসিক চাপ অনুভব করছি। কারণ, হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রগুলো পাঠকের খুব পরিচিত। পর্দায় চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
বিয়ে নিয়ে ভাবনা...
বাসা থেকে তো চাইছে। এখন শুধু তাদের পছন্দ আর আমার পছন্দ এক হওয়ার অপেক্ষা।
বিনোদন প্রতিবেদক