'এখনো সঠিক সুর-লয়ের সন্ধানে পথ চলি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাস, ছবি: আনিস মাহমুদ
একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাস, ছবি: আনিস মাহমুদ

‘হাওরাঞ্চলে যেকোনো উৎসব মানেই লোকগানের আয়োজন। বছরের প্রায় পুরোটা সময় এ বাড়ি-ও বাড়িতে নানা ধরনের গানের আসর লেগেই থাকত। কত শত গান। ধামাইল, সূর্যব্রত, কীর্তন, গোষ্ঠ, সুবল মিলন, পালা, উরি, বাউলা। এসব গান বাপ-ঠাকুরদা, মা-দিদিমা আর পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে সেই ছয়-সাত বছর বয়সেই শুনে শুনে পরম্পরাসূত্রে শিখেছিলাম। সেই গান শেখা আজও শেষ হয়নি। এখনো সঠিক সুর-লয়ের সন্ধানে পথ চলি।’ কথাগুলো বলছিলেন ২০১৭ সালে একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাস। গত পয়লা মে সোমবার তিনি জন্মের ৮৭ বছর পূর্ণ করেছেন।

অষ্টাশিতম জন্মদিনে সুষমা দাসের প্রত্যাশার বিষয়টি জানতে চাইলে তাঁর সোজাসাপটা জবাব, ‘মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে যেন শ্রোতাদের গান শুনিয়ে যেতে পারি। এর বেশি কিছু চাই না।’ তাঁর প্রত্যাশাটি যে একেবারেই অমূলক নয়, সেটা বছর খানেক আগের একটা ঘটনাই সাক্ষ্য দেয়। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সিলেটে প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবর্ষের এক অনুষ্ঠানে তাঁর কণ্ঠের জাদুতে মোহাবিষ্ট হয়ে হাজারো শ্রোতা মুহুর্মুহু করতালিতে মুখর করে ফেলেছিলেন অনুষ্ঠানস্থল। সে অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মুগ্ধ হয়ে সুষমার পা ছুঁয়ে সালাম জানিয়ে সবার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কেবল কি আসাদুজ্জামান নূর, শতসহস্র শ্রোতা-সমঝদারের পাশাপাশি কলকাতার প্রখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকও সুষমার কণ্ঠের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সুষমার কণ্ঠের গান দিয়ে মৌসুমী স্ব-উদ্যোগে প্রকাশ করেছেন একটি গানের অ্যালবাম এবং কলকাতার বাউল-ফকির উৎসবে সুষমাকে সম্মাননাও জানিয়েছেন। এটি তাঁর জীবনের অন্যতম সুখস্মৃতি জানিয়ে সুষমা আক্ষেপ করে জানালেন, অনেক প্রাচীন লোকগান এখনো তাঁর স্মৃতিতে সজীব রয়েছে। সেগুলো রেকর্ডবন্দী করতে পারলে পরবর্তী প্রজন্মের শিল্পীরা প্রকৃত সুর-বাণীর সন্ধান পেতেন। তবে আসাদুজ্জামান নূর তাঁর বেশ কিছু গান সংরক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

সুষমা দাসের জন্ম সুনামগঞ্জের শাল্লা উপজেলার পুটকা গ্রামে, তাঁর মাতুলালয়ে। তবে তাঁর পৈতৃক বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে। তাঁর বাবা রসিক লাল দাশ ও মা দিব্যময়ী দাশ। বাবা-মা দুজনই লোকসংগীতের সাধনা করে গেছেন। তাঁরা উভয়ে গান গাইতেন এবং গান রচনা করতেন। ১৩৫২ বঙ্গাব্দে একই উপজেলার চাকুয়া গ্রামের প্রাণনাথ দাসের সঙ্গে সুষমার বিয়ে হয়। ১৯৭৪ সাল থেকে অদ্যাবধি তিনি বাংলাদেশ বেতারে পল্লিগীতির একজন শিল্পী হিসেবে গান পরিবেশন করে আসছেন। ১৯৮৮ সালে পরিবারের সদস্যদের সঙ্গে পাকাপাকিভাবে সিলেট শহরে বসবাস শুরু করেন। ১৪০০ বঙ্গাব্দে স্বামী মারা যাওয়ার পর চার ছেলে, তাঁদের স্ত্রী ও সন্তানদের নিয়ে শহরের হালদারপাড়া এলাকায় বসবাস করছেন। তাঁর ছোট ভাই পণ্ডিত রামকানাই দাশও লোকসংগীতে অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

আলাপে আলাপে সুষমা দাস জানালেন, এই বৃদ্ধ বয়সেও কোনো ধরনের পাণ্ডুলিপির সাহায্য ছাড়া তিনি অন্তত দেড় শ গান গেয়ে যেতে পারেন। এর বাইরে হাওরাঞ্চলের নানা ধারা-উপধারার অন্তত পাঁচ শতাধিক প্রাচীন গান তাঁর ঠোঁটস্থ ছিল। সেসব গান এখন স্মৃতি থেকে উদ্ধার করে একটি খাতায় লিপিবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে প্রাচীন এসব লোকগানের সমন্বয়ে একটি বই প্রকাশেরও চিন্তা রয়েছে তাঁর। তাঁর সংগৃহীত গানের মধ্যে রাধারমণ, কালা শাহ, আরকুম শাহ, রামজয় সরকার, শ্যামসুন্দর, দুর্গাপ্রসাদের গানই বেশি। এর বাইরে তিনি শাহ আবদুল করিম, দুর্বিন শাহ প্রমুখ বাউল-গীতিকারদের গানও গেয়ে থাকেন। তিনি বলেন, ‘গান গাইতাম মনের আনন্দে। তাই কখনোই সেসব লিপিবদ্ধ করে রাখিনি। প্রতিটি গান আমি মনের ভেতরে গেঁথে রেখেছি। তবে প্রজন্মের স্বার্থে এসব গান লিপিবদ্ধ করে রেখে যেতে চাই।’

সুষমা দাস বলেন, ‘আট-দশ বছর আগে থেকে লোকগানের প্রতি সব ধরনের শ্রোতাদের একটা আগ্রহ তৈরি হয়েছে। লোকসংগীতশিল্পীদের কদরও বেড়েছে। এটা আশার কথা। তবে লোকগানটা সঠিকভাবে গাইতে হবে, সঠিক সুর-তাল-লয়-বাণীতে গাইতে হবে। অথচ যখন একটা গানকে এখনকার শিল্পীদের বিকৃত করে ভুল বাণীতে গাইতে শুনি, তখন খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। বাণীর গভীরতা না বুঝে অনেক শিল্পীর গানের হালকা চালে গাওয়ার বিষয়টি আমাকে অবাক করে। গানের ভেতরের সার বা নির্যাসটা ধরতে না পারলে তো আর হবে না। একাগ্রতা আর সাধনা ছাড়া কখনোই ভালো শিল্পী হওয়া যায় না। সাধনা করতে পারছি কি না, জানি না, তবে চেষ্টা তো করছি। মরার আগ পর্যন্ত সেই চেষ্টাটা ধরে রাখতে চাই।’