'এখনো সেই হাতের স্পর্শ অনুভব করি'

এবার জাতীয় শোক দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমের অসংখ্য স্ট্যাটাসে দেখা গেছে একটি গানের লাইন, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’। গত বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে শোনা গেছে গানটি। গানটির গীতিকার হাসান মতিউর রহমান। বাংলাদেশে অডিও বাজারে অন্যতম ব্যবসাসফল গান ‘আমি বন্দী কারাগারে’, আশরাফ উদাসের ‘লাইন হইয়া যায় আঁকাবাঁকা’, রুনা লায়লার ‘রাঙামাটি পাহাড়ে দুপুরবেলা আহারে, নাম ধরে কে বাঁশরী বাজায়’, দিলরুবা খানের ‘দেখা আরিচা ঘাটে শাহজালাল ফেরিতে’, মমতাজের ‘এবার না আসিলে বাড়িতে’সহ তাঁর লেখা অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। লিখেছেন দুই সহস্রাধিক গান। মগবাজারের নয়াটোলার বাসায় কথা হলো গানের এই মানুষটির সঙ্গে।
আপনার লেখা ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটা জাতীয় শোক দিবসের শিরোনাম সংগীতের মতো হয়ে গেছে। খুব আবেগ এবং দরদভরা গান। আপনি বঙ্গবন্ধুকে দেখেছেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি, তাঁর সঙ্গে হাত মিলিয়েছি। এখনো সেই হাতের স্পর্শ অনুভব করি। মাত্র এক দিন, এক মুহূর্তের সে স্মৃতি। ৪৮ বছর আগের কথা, ১৯৭০ সালে। আমি ক্লাস নাইনের ছাত্র। নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আমাদের থানা দোহারে। আমি ছিলাম স্বেচ্ছাসেবক। তিনি মাঠে ঢোকার সময় হাত বাড়িয়ে দিলাম। আমার হাত ধরে জোরে ঝাঁকুনি দিলেন। সেই স্পর্শ, সেই ঝাঁকুনি আমি এখনো অনুভব করি। কী সুন্দর মানুষ। লম্বা। সাদা পায়জামা আর পাঞ্জাবি, চুল ব্যাক ব্রাশ করা। কাঁচা-পাকা চুল, কালো মোটা ফ্রেমের চশমা। সেই যে তাঁর প্রেমে পড়ে গেলাম।

মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি মনে আছে?
এ জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল তখন। আমি স্কুলে পড়ি। ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়। মানিকগঞ্জ জেলার হরিরামপুরে। আমাদের স্কুলের হেডমাস্টার মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি আমাদের কয়েকজনকে বাছাই করেন যুদ্ধে যোগ দেওয়ার জন্য। আমি মুক্তিযুদ্ধে যোগ দিই, ট্রেনিং নিই। মানিকগঞ্জে ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী ছিলেন সেক্টর প্রধান। ওই অঞ্চলে মেজর হায়দার সাহেব ছিলেন।
আপনার পরিবারের কেউ সংগীতের সঙ্গে যুক্ত আছেন?
স্কুলে যখন পড়েছি, তখন থেকেই ছড়া আর কবিতা লিখি। স্কুলের দেয়াল পত্রিকা, ম্যাগাজিনে ছড়া-কবিতা লিখতাম। গান শোনার একমাত্র মাধ্যম ছিল রেডিও। বাড়িতে গানের পরিবেশ ছিল। বাবা মোহাম্মদ হাসানউদ্দীন কলকাতায় চাকরি করতেন। তিনি গানের ভক্ত ছিলেন। তখন কলকাতায় নিয়মিত যাত্রা হতো। তিনি চাকরি ছেড়ে দেশে আসার পর একটা দল গঠন করেন। এই দল নিয়ে ‘গুনাই’ পালা করেছিলেন। খুব সাড়া পড়েছিল তখন।

গানের জগতে কবে আসা হলো?
১৯৭৩ সালে আমি এসএসসি পাস করি। নবাবগঞ্জের আদর্শ মহাবিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পাস করি। ঢাকায় এসে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে নাইট শিফটে ভর্তি হই। তখন আমার বাসার পাশেই ছিল আবদুল আলীমের বাড়ি। তাঁর বড় ছেলে জহির আলীমের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর সঙ্গেই বিভিন্ন স্থানে গান গেয়েছি। তখন মাঝে মাঝে গান লেখার চেষ্টা করি। প্রথম রেডিওর জন্য গান লিখেছি ১৯৭৮ সালে, ‘জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা’। গানটা তখন আমার নামে প্রচার হয়নি, লোকসংগীত নামে হয়েছে। তখনো আমি বেতারের তালিকাভুক্ত গীতিকার হইনি, তাই। মনে জেদ হলো। নিজের গান রেডিওতে শুনে আগ্রহ বেড়ে গেল। ১৯৭৮ সালের বৈশাখ মাসে প্রথম আমি ডিস্ক রেকর্ডে গীতিকার হিসেবে সুযোগ পাই। তখন বাংলাদেশে একমাত্র গ্রামোফোন কোম্পানি ছিল ঢাকা রেকর্ডস। তার মালিক ‘রূপবান’ ছবির পরিচালক সালাউদ্দিন। সংগীত পরিচালক ছিলেন সত্য সাহা আর শিল্পী ফেরদৌসী রহমান। তখন ডিস্ক রেকর্ড ছিল, ক্যাসেট আসেনি। আমাকে তারা তালিকাভুক্ত করে নেয়। গান লিখে যে টাকা পাওয়া যায়, তা জানা ছিল না। প্রথম গানের জন্য সম্মানী হিসেবে ২০০ টাকা পেয়েছিলাম।
আপনার গানে ছন্দের মিল দারুণ। নিয়ম করে কোথাও গান লেখা কিংবা গান গাওয়া শিখেছেন?
গান লেখার কলাকৌশল জানতে গিয়েছিলাম কুটি মনসুরের কাছে। তাঁর বাসা ছিল হাতিরপুলে। সন্ধ্যায় তাঁর বাসায় আড্ডা দিতাম। তাঁকে ‘ওস্তাদ’ বলতাম। তিনি নতুন গান লিখে আমাদের শোনাতেন। তাঁর কাছ থেকে ছন্দ শিখি। গানের অংশ যেমন স্থায়ী, অস্থায়ী, সঞ্চারী, অন্তরা কী, তা জেনেছি তখন। তিনি ধরিয়ে দিতেন, এইটা হয়নি, মিলে নাই...এমন করে।
নিজের গান লেখায় এই পরামর্শ কোনো কাজে লেগেছে?
সব সময় হয়নি। আমাদের জন্য সম্ভবও না। আসলে স্বর্ণযুগের গীতিকারদের সঙ্গে আমাদের পার্থক্য আছে। আগেই বলেছি, গত শতকের সত্তর দশকে গান লিখে ২০০ টাকা পেয়েছিলাম। তবে আমি মেধা খাটিয়ে গান লেখার সুযোগ পাইনি। আমি বেশির ভাগ সময় ফরমায়েশি গান লিখেছি। অর্থাৎ কেউ বলে দিচ্ছে, দুইটা গান লিখলে আমাকে ৪০০ টাকা দেওয়া হবে। এটা ১০০ ভাগ ফরমায়েশি। শুধু তা-ই নয়, গানের বিষয়ও অনেক সময় ঠিক করে দেওয়া হয়।

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘চেনা সুর’-এর স্বত্বাধিকারী আপনি। এই প্রতিষ্ঠানের শুরুটা কীভাবে হয়েছিল?
তখন সব অডিও কোম্পানি ছিল পাটুয়াটুলীতে, এখন সব ইতিহাস হয়ে গেছে। ‘সংগীত ঘর’ নামে একটা প্রতিষ্ঠান ছিল। শাহজাহান সাহেব ছিলেন মালিক। তিনি আমাকে চারটা গান দিয়েছিলেন, উর্দু গানের সুরে বাংলা গান লেখার জন্য। তার মধ্যে একটা ছিল দিলরুবা খানের জন্য। দিলরুবা খান প্রথম আমার গান গেয়ে ঢাকা রেকর্ডে ঢুকলেন, সেটা ছিল প্যারোডি গান। নাহীদ আখতারের বিখ্যাত গান ছিল ‘আল্লারে আল্লা রহম কর’। এই গানটি আমি প্রথম লিখি। গানটা ১৯৮০ সালে খুব জনপ্রিয় হয়। আমি নতুন, দিলরুবা খানও নতুন। এরপর ঢাকা রেকর্ডস আমাকে প্রযোজক হিসেবে নিয়ে নেয়। ঢাকা রেকর্ডসের মালিক বললেন, ‘গান আর চাকরি একসঙ্গে তো মুশকিল। তুমি বরং নিজে একটা কোম্পানি খোলো। তোমার বয়স অল্প। তোমার একটা ভবিষ্যৎ আছে।’ তাঁর পরামর্শে নিজে প্রযোজনা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিই। প্রতিষ্ঠানটির নাম দিই ‘চেনা সুর’।
‘চেনা সুর’ কেন?
একদিন সত্যদা (সত্য সাহা) জিজ্ঞেস করলেন, ‘দুনিয়াতে এত নাম থাকতে তুমি চেনা সুর নাম দিলা কেন?’ বললাম, স্যার, আমি টুকটাক লিখতে পারি, লিখি। কিন্তু সুর করতে পারি না। হারমোনিয়াম বাজাতে পারি না। অনেক সময় আমাকে প্যারোডি গান লিখতে হচ্ছে, পরিচিত সুরের ওপর কথা লিখতে হচ্ছে। একদিকে ভাবলে এই কাজটা তো নকল। তাই আমি যদি নিজেই স্বীকার করি, সুরগুলো চেনা, তাহলে জেল-জরিমানার সুযোগ নাই। আমার প্রতিষ্ঠানের নামই চেনা সুর। কেউ আর দোষারোপ করতে পারবেন না। সত্যদা বলেছিলেন, এই ছেলে অনেক নাম করবে। এই বয়সে ওর মাথায় ঢুকছে, আরেকজনের জিনিস চুরি করে স্বীকার করলে দোষ কম!
চেনা সুরের প্রথম অ্যালবাম কোনটি?
প্রথম অ্যালবাম ‘দেখা আরিচা ঘাটে’। দিলরুবা খানের ‘দেখা আরিচা ঘাটে, শাহজালাল ফেরিতে’ গানটা সুপার-ডুপার হিট হয়। এটা সম্ভবত ১৯৮২-৮৩ সালের কথা। এটি অবশ্য ডিস্ক রেকর্ডে বের হয়েছিল। আমার কোম্পানি থেকে ক্যাসেট প্রথম বের হয় ১৯৮৪ সালে, পাগল বাচ্চু আর মায়া রানীর বাউল গান। ১৯৮৬ সালে এসে রেকর্ডিং করেছি মুজিব পরদেশীর ‘আমি বন্দী কারাগারে’।
ওই সময় ঢাকায় আর কোন কোন প্রযোজনা প্রতিষ্ঠান ছিল?
এই মুহূর্তে মনে পড়ছে সারগাম, ডন টেপ রেকর্ডিং, সোনালী, সংগীতা, সাউন্ডটেক আর অনুপমের কথা। কনকর্ড নামে একটা কোম্পানি ছিল। কনকর্ডের নিজের প্রোডাকশন ছিল না, হিন্দি আর উর্দু ক্যাসেট বিক্রি করত। সঙ্গী তার নিজস্ব প্রোডাকশন ছিল না শুরুতে। শুধু শোরুম ছিল, তাদের প্রোডাকশন ছিল না। পরে তারা প্রোডাকশন করেছে।
মুজিব পরদেশীর সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?
তখন বাংলাদেশে পঙ্কজ উদাসের গজল দারুণ জনপ্রিয় ছিল। অনেকেই হিন্দি গানের অর্থ বুঝতেন না। কিন্তু শুনতেন। আমার মনে হলো, বাংলা গজলের অ্যালবাম করলে কেমন হয়। এ জন্য আমি একজন গায়ক খুঁজছিলাম। ভালো হারমোনিয়াম বাজাতে পারে এ রকম গায়ক। গান তৈরি করে কয়েকজন শিল্পীকে দিয়েছি। কিন্তু পছন্দ হয়নি। মুজিব পরদেশীকে চিনতাম। তখন নাম ছিল মুজিবুর রহমান মোল্লা। মাহমুদুন্নবী, আবদুল আলীমদের কাছাকাছি থাকতেন। দেখলাম তাঁর মধ্যে গানের প্রতি দারুণ প্রেম। অবশ্য পরিচয় ছিল না। অনেক ঝামেলা করে ঠিকানা পাওয়া গেল। ওয়াইজ ঘাটে বাবার ফলের দোকানে সহকারীর হিসেবে কাজ করেন। ওখানেই দেখা করেছি। প্রস্তাব দিই। বললাম, এত ভালো গান করেন, আপনার তো ক্যাসেট হওয়া দরকার। শর্ত দিলাম। নামটা পরিবর্তন করতে হবে। আমার মতে, মুজিবুর রহমান মোল্লা নামে ক্যাসেট চলবে না। নামেরও একটা ব্যাপার আছে। তখন চলচ্চিত্রে মজিদ বঙ্গবাসী নামে একজন ছিলেন, বিক্রমপুরের লোক। মুজিবুর রহমান মোল্লার বাড়িও বিক্রমপুর। ভাবতে ভাবতে মাথায় এল পরদেশী। মুজিব পরদেশী।

তখন বাংলাদেশের অডিও বাজারে কাদের গান বেশি চলত?
হারানো দিনের ভারতীয় বাংলা গান তখন বেশি চলত। মান্না দে, আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, সতীনাথ, কিশোর কুমার—এঁদের গান। কিছু হিন্দি এবং উর্দু গানও শুনতো মানুষ। একসময় বাংলা পপ মিউজিক জনপ্রিয় হয়। ‘আলমগীর ইন হলিউড’ খুব চলেছে। ভালো চলত কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরীদের গান। ১৯৮৫ সালের পরে এল ব্যান্ডের জোয়ার। তখন ব্যান্ডগুলো ১০টা যদি গান গাইত, এর মধ্যে দুইটা থাকত ফোক গান। ব্যান্ডের নামেই চলতো এসব অ্যালবাম। ফিরোজ সাঁই গান করছে অনেক। ফকির আলমগীর, জানে আলম, পিলু মমতাজ, আজম খান, ফেরদৌস ওয়াহিদের ছিল বিশাল মার্কেট। অবশ্য ১৯৯০ সালের পর ব্যান্ডের জোয়ার বেশি ছিল। সিনেমার গানের ক্যাসেটও চলেছে বেশ।
গত এক দশকে অডিও বাজারে বিশাল ধস নেমেছে। আপনি অডিও প্রযোজক সমিতির নেতৃত্বও দিয়েছেন। অডিও বাজার এভাবে নির্বাসনে যাওয়ার কারণ কী?
গত শতকের নব্বই দশকে যখন ফিতার যুগ ছিল, তখন আমাদের মূল সমস্যা ছিল পাইরেসি। শুরুটা হয়েছিল আশি দশকে। অবশ্য তখন পাইরেসি কঠিন কাজ ছিল। যেমন, একটা ক্যাসেট কপিয়ারের দাম ছিল কয়েক লাখ টাকা। শহরের বাইরে মফস্বল কিংবা গ্রামে কারও সাহসে কুলাত না। তাই এসব নিয়ে আমরা তেমন মাথা ঘামাতাম না। তবে মূল ধসটা নামল নব্বই দশকের শেষ দিকে, যখন সিডির যুগ এল। ঘরে ঘরে যখন কম্পিউটার এল। কম্পিউটারের মাধ্যমে মূলত তরুণেরা স্টেডিয়াম মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট থেকে ৭-৮ টাকায় ব্ল্যাঙ্ক সিডি কিনে আমাদের সিডি কপি করে ১২ টাকায় বিক্রি করে। এমপি থ্রি বানিয়ে বিক্রি করে। এখানে শেষ না। গোদের ওপর বিষফোড়ার মতো বাজারে এল মেমোরি কার্ড। তখন ৫০ টাকা দিলে ৫০০-১০০০ গান দিয়ে দেয়। গান হয়ে যায় মোবাইলে শোনার বিষয়। আমরা র্যাব, পুলিশের সহযোগিতা নিয়ে এ ধরনের দোকান বন্ধ করার চেষ্টা করেছি। সম্ভব হয়নি। সারা দেশে ছড়িয়ে গিয়েছিল।
এখন আপনার ব্যস্ততা কী নিয়ে?
সংসারে সময় দিচ্ছি। আমার ছেলে ডাক্তারি পাস করে এখন একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করছে। মেয়েরাও বড় হয়ে গেছে। ইউটিউবে আমাদের কোম্পানির নিজস্ব চ্যানেল আছে। সেখানে নিয়মিত গান করছি। ইউটিউবের কল্যাণেই এখন টুকটাক গান করা হয়। ইউটিউব আছে বলেই গানগুলো প্রকাশের সুযোগ পাচ্ছি। পাটুয়াটুলী থেকে ব্যবসা গুটিয়ে এখন মগবাজার নয়াটোলায় আমার বাসার নিচে অফিস করেছি। বাংলাদেশ টেলিভিশনে ‘রঙের বাজার’ নামে একটা পাক্ষিক অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিচালনা করছি। ঈদের জন্য একটা অনুষ্ঠান বানাচ্ছি। ‘বাউল ধামাকা’ নামের এই অনুষ্ঠানে থাকবে কাজল দেওয়ান, শাহ আলম সরকার, শেফালি সরকার, লতিফ সরকার, মুক্তা সরকারের গান। এসব নিয়েই কেটে যাচ্ছে।