'এগ টেমপেরা' নিয়ে কর্মশালা

খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে ‘এগ টেমপেরা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। চিত্রশিল্পের অন্যতম প্রাচীন এই মাধ্যমটিতে ছবি আঁকার জন্য গুঁড়ো রঙের সঙ্গে ডিমের হলুদ কুসুমকে কাজে লাগানো হয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শহিদ কবিরের পরিচালনায় দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় পর্যায়ের ৩০ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন।
মাধ্যমটি সম্পর্কে শিল্পী শহিদ কবির বলেন, প্রাচীন যুগের গুহাচিত্রে এগ টেমপেরার বহুল ব্যবহার ছিল। পরবর্তী সময়ে ইউরোপের পুরোনো গির্জাগুলোতে আঁকা বড় ক্যানভাসের ছবিগুলোয়ও এই মাধ্যমটির ব্যবহার হয়েছে।
মাধ্যমটির বিশেষত্ব সম্পর্কে শিল্পীর বক্তব্য, ডিমের হলুদ কুসুম খুবই উৎকৃষ্টমানের একটি আঠা, যা গুঁড়ো রংকে ধরে রাখে। এই মাধ্যমে আঁকা ছবিগুলো শুকাতে সময় নেয়, কিন্তু এর ঔজ্জ্বল্য দিনকে দিন বাড়তে থাকে আর টেকসই হয়। এ সময় তিনি তাঁর আশির দশকে আঁকা ‘লালন দর্শন’ শিরোনামের ছবিগুলোর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘গোটা আশির দশকজুড়ে আমি এই মাধ্যমটি নিয়ে কাজ করেছি। এরপর নব্বইয়ের শুরুতে দেশত্যাগের পর মাধ্যমটি নিয়ে তেমন কাজ করা হয়নি। কিন্তু সেই পুরোনো ছবিগুলো এখনো দেখলে মনে হয়, গত দুই দশকেও ছবিগুলোর ঔজ্জ্বল্য ম্লান হয়নি, বরং বেড়েছে।
স্থানীয় পর্যায়ে এ রকম একটি কর্মশালার তাৎপর্য সম্পর্কে শহিদ কবিরের ভাষ্য, ‘আমার পরে চিত্রশিল্পের অন্যতম প্রাচীন এই মাধ্যমটি নিয়ে বাংলাদেশে তেমন কেউ কাজ করেননি। এই মাধ্যমে কুশলী হতে গেলে প্রচুর অধ্যবসায় ও নিরবচ্ছিন্ন চর্চার প্রয়োজন। স্থানীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে আমি মাধ্যমটিকে আরও এগিয়ে নিতে চাই। আমি এখানে তাঁদের শিক্ষক হিসেবে আসিনি। এসেছি সহযাত্রী হয়ে।’