'এটা কোনো সুস্থ বিনিময় হলো?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

অসম ছবি বিনিময় নিয়ে বেশ আগে থেকেই সোচ্চার বাংলাদেশের চলচ্চিত্রশিল্পীরা। ছবি বিনিময়ে অনিয়মের প্রতিবাদে আজ মানববন্ধন করেন চলচ্চিত্রের শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। বাংলাদেশ-ভারত চলচ্চিত্র বিনিময়ে চূড়ান্ত অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা শাকিব খান।
আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনের সড়কে প্রতিবাদ করেন তাঁরা। এ সময় তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত আমাদের চলচ্চিত্রশিল্পকে ধ্বংসের চেষ্টা জীবন দিয়ে হলেও প্রতিহত করব।’ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শুটিং ফেলে এই মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের চলচ্চিত্রকর্মীরা।
আসছে ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তির জন্য সম্প্রতি সেন্সরে জমা পড়েছে কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’। সাফটা চুক্তি মোতাবেক আমদানি ও রপ্তানির যথার্থ নিয়মকানুন না মানায় এরই মধ্যে ছবিটি প্রদর্শনে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ছবিটি বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পাবে না। রাজা চন্দ পরিচালিত এই ছবির আমদানি ঘিরেই পুনরায় শুরু হয়েছে প্রতিবাদ।
মানববন্ধনে উপস্থিত শাকিব খান বলেন, ‘আমরা কখনো এভাবে ছবি বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকব না। ঈদের আগে আমরা তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। হঠাৎ দেখলাম কলকাতার একটি নতুন ছবি এখানে মুক্তির অনুমতি পেয়ে গেল। এমন অসম বিনিময় আমরা মেনে নেব না।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, আজকের কর্মসূচির পর সরকার নতুন করে বিষয়টি বিবেচনা করবে।’
মানববন্ধনে বক্তারা বলেন, গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেশীয় চলচ্চিত্রকে নতুন আশার আলো দেখিয়েছে। ঢাকাসহ সারা দেশের সিনেমা হলগুলোর দর্শক সমাগম দেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চলচ্চিত্রের সুদিন আবারও ফিরতে শুরু করেছে। এ অবস্থায় দেশের ছবির বাজারে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে শাকিব খান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু থেকেই এই অসম বিনিময়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বাংলাদেশ থেকে পুরোনো সব ছবি নামমাত্র মূল্যে কিনে নিয়ে দেখানো হয় কলকাতার চিপা গলির সিনেমা হলগুলোতে। অন্যদিকে কলকাতার একেবারে নতুন ছবি বাংলাদেশের মূলধারার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এটা কোনো সুস্থ বিনিময় হলো? সরকার কি চায় আমাদের চলচ্চিত্রশিল্প ধ্বংস হয়ে যাক? এ ধরনের বিনিময়ে আমাদের ছবির বাজার ছোট হয়ে আসছে এবং কলকাতার ছবির বাজার বড় করে দেওয়া হচ্ছে।’ শাকিব বলেন, ‘নিয়ম মেনেই ছবি বিনিময় করতে হবে। কলকাতাকে আমাদের নতুন ছবি নিতে হবে, মূলধারার হলগুলোতে চালাতে হবে। তাহলে আমরাও সেভাবে চালাব এবং মুনাফা ভাগাভাগি করব। অন্যথায় যা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, অভিনেত্রী অঞ্জনা, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহান, সাফিউদ্দিন সাফি, বুলবুল বিশ্বাস প্রমুখ।