'এফডিসির বাইরে শুটিংয়ে খরচ হয় কম'
৩ নম্বর ফ্লোরের মুখে কয়েকজনের আনাগোনা। কাছাকাছি যেতেই হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার শব্দ কানে এল। উঁকি দিয়ে দেখি, সেট নির্মাণ করছেন কয়েকজন কর্মী। তাঁদের একজন বললেন, ‘এখানে নায়ক-নায়িকা নাচব। মঞ্চ করতাছি।’

কবে শুটিং হবে?
‘তা তো জানি না। তয় উঁনারা কইছেন আগামীকালের মধ্যে শেষ করতে হইব।’
ওখান থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু করি। কোনো ফ্লোরেই শুটিংয়ের আলো জ্বলেনি। সবখানে ফাঁকা ফাঁকা। ভাবি, রাজপথের অবরোধ-আন্দোলনের ছোঁয়া বুঝি এফডিসিতেও লেগেছে। পরিচালক সমিতির ভেতরে বসে এ কথা শুনে হেসে দিলেন পরিচালক আহমেদ আলী মণ্ডল। ‘আরে না, এখন এমনিতেই এফডিসিতে শুটিং কম হয়। এফডিসির বাইরে শুটিংয়ে খরচ হয় কম। সম্প্রতি শুটিং শেষে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার কথাও জানালেন তিনি। বললেন, পিয়া ও নিরবকে নিয়ে প্রবাসীর প্রেম নামে একটা ছবির কাজ শুরু করেছি। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন লোকেশনে ১৫ দিন কাজ করে পরশু ফিরেছি।’
২.
সারা এফডিসি ফাঁকা থাকলেও ক্যানটিন চত্বরে লোকজনের আনাগোনা সব সময়ই থাকে। ভেতরে শিল্পী, পরিচালক-প্রযোজকদের আড্ডাও জমে যখন-তখন। ঢুঁ দিয়ে দেখা মিলল নিরবের। মাঝের টেবিলে বসে আড্ডা দিচ্ছেন। সঙ্গে তাঁর অন্তরে অন্তরে রিমেক ছবির পরিচালক আতিক রহমান ও প্রযোজক রুবেল। তিনজনকে একসঙ্গে দেখে বসতে বসতে প্রশ্ন ছুড়ি আমরা। নায়ক-পরিচালক-প্রযোজক একসঙ্গে, ঘটনা কী?
শুনে তিনজনই হো হো করে হাসলেন। ‘ঘটনা কিছুই না। অন্তরে অন্তরে ছবির কাজ ১০ ভাগ শেষ হয়েছে। আবার শুরু করতে হবে। পরিকল্পনা করার জন্যই বসা, এই আরকি।’ বললেন নিরব। কথা প্রসঙ্গে জানালেন, কলকাতার রাইমা সেনের সঙ্গে সদরঘাট নামে একটা ছবিতে শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন তিনি। দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন শ্রী লাল শঙ্কর ভট্টাচার্য। বললেন, ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। সুচিত্রা সেনের জীবনী নিয়ে ছবির গল্প। সুচিত্রা-তনয়া মুনমুন সেনও এখানে অভিনয় করবেন। বাংলাদেশের বিভিন্ন লোকেশন ছাড়াও ছবির একটা অংশ কলকাতার লোকেশনে ধারণ করা হবে।