
ফাহমিদা নবী। ঈদ উপলক্ষে তাঁর দুটি একক অ্যালবাম বেরোচ্ছে। একটি নজরুলসংগীতের, নাম আমারে ছুঁইয়াছিলে; অন্যটি আধুনিক গানের, নাম তুমি অভিমানে। প্রথমটি বাজারে আনছে আনমোল আর দ্বিতীয়টি লেজার ভিশন। আজ রাজধানীর বেইলী রোডের এক রেস্তোরাঁয় নজরুলসংগীতের অ্যালবামটির মোড়ক খোলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কথা হলো ফাহমিদার সঙ্গে।
নজরুলের গান নিয়ে অ্যালবাম...
২০০৭ সালে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছিলাম। নাম বেলা যায় । এরপর নজরুলের গান নিয়ে অ্যালবাম করার পরিকল্পনা করি। আমারে ছুঁইয়াছিলে অ্যালবামে পরিচিত নয়টি গান করেছি। গানগুলোর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।
‘তুমি অভিমানে’...
তুমি অভিমানে মৌলিক গানের অ্যালবাম। গানগুলো অনেক আগেই তৈরি করেছিলাম। লেজার ভিশন ঈদে অ্যালবামটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রথম একই ঈদে আমার দুটি অ্যালবাম বেরোচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের।
অডিও সিডির বাজার মন্দা...
এটা শতভাগ সত্যি। অডিও সিডি এখন গিফট আইটেম। প্রযুক্তির উন্নতির কারণে এখন অনেকেই অডিও সিডি কিনে গান শোনার ব্যাপারে আগ্রহী নন। শ্রোতাদের সচেতন করতে হবে। অডিও সিডিতে গান শোনার ব্যাপারটি এখন খুবই অবহেলিত।
প্রযোজক ফাহমিদা নবী...
বাধ্য হয়ে প্রযোজক হয়েছি। কয়েক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শুনেই যাচ্ছি, ব্যবসা মন্দা। সংগীতজীবনের এতটা সময় পার করার পর এখন প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে সিডি নিয়ে ধরনা দেওয়াটা অপমানের। তাই এবার নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছি। নাম আনমোল।
একই অনুষ্ঠানে চার ভাইবোন...
আমাদের সব ভাইবোন আলাদাভাবে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছি। এবার চার ভাইবোন মিলে একটি অনুষ্ঠান করেছি। নাম ‘হৃদয়ের গান’। মাই টিভিতে ঈদে প্রচারিত হবে। এ ছাড়া ঈদের জন্য আমি আরও কয়েকটি অনুষ্ঠানে গান করেছি।
বিনোদন প্রতিবেদক