
শফিক তুহিন। যুক্ত ছিলেন গান লেখার সঙ্গে। এরপর গানে সুর দিচ্ছেন, কণ্ঠও দিচ্ছেন। ইদানীং চলচ্চিত্রে সংগীত পরিচালনা করছেন। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দবির সাহেবের সংসার ছবিটি। এই ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি
‘দবির সাহেবের সংসার’...
পুরোপুরি কমেডি ধাঁচের ছবি। এ বিষয়টা মাথায় রেখে ছবির গানগুলো তৈরির চেষ্টা করেছি। এবারই প্রথম পুরো একটি ছবির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছি। এবার উচ্ছ্বাসটা একটু বেশি।
চলচ্চিত্রে সংগীত পরিচালনা...
গান তো করছি অনেক বছর হলো। কিন্তু চলচ্চিত্রে ২০১২ সালে প্রথম দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করি। ছবিটি ছিল অন্যরকম ভালোবাসা। এরপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি ছবির কাজ করেছি। পোড়ামন ছবির ‘জ্বলে জ্বলে জোনাকি’ আর ‘বিধাতা জানে’ গান দুটি চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে আমার আলাদা অবস্থান তৈরি করে।
আর যা করছি...
তিনটি চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনা করছি। ছবিগুলো হলো জাকির হোসেনের প্রেমের কাজল ও মনের মতো মানুষ পাইলাম না এবং সৈকত নাসিরের দেশা-দ্য লিডার। এরই মধ্যে ময়নামতি ছবির সংগীত পরিচালনার কাজ শেষ করেছি।
‘পবিত্র প্রেম’ এবং তারপর...
পবিত্র প্রেম আমার একক গানের তৃতীয় অ্যালবাম। বেরিয়েছে ২০১৩ সালে। চার নম্বর অ্যালবামটি এ বছরই শ্রোতাদের হাতে দেব। সেভাবেই কাজ করছি।
গীতিকার, সুরকার ও গায়ক...
চেষ্টা আর সাধনা করলে অনেকেই গান গাইতে পারবেন। কিন্তু গান লেখা এবং সুর করা সৃষ্টিশীল কাজ। এটা অন্য রকম যোগ্যতার ব্যাপার।
বিনোদন প্রতিবেদক