'এবার পেশাদার নাট্যচর্চার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ দুলাল
সৈয়দ দুলাল

সৈয়দ দুলাল। নির্দেশক ও অভিনেতা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ‘২১তম জাতীয় সম্মেলন’ আয়োজন করা হয়েছে ২৫ ও ২৬ এপ্রিল। এবার এই সম্মেলন হবে যশোর পৌর উদ্যান ও জেলা শিল্পকলা একাডেমীতে। দুই দিনের এই সম্মেলনের আহ্বায়ক তিনি।
সম্মেলন এবার ঢাকার বাইরে...
সম্মেলন সব সময় ঢাকায় আয়োজন করা হয়। তাই স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা সব সময় ঢাকায়আসতে পারেন না। এই দুটি দিন সবাই যেন একসঙ্গে একই ছাদের নিচে থাকতে পারি, সেই ভাবনা থেকেই আমরা এবার সম্মেলন যশোরে আয়োজন করেছি।
এবারের সম্মেলন পাঁচ বছর পর...
২০১১ সালের সম্মেলন করা সম্ভব হয়নি ফেডারেশনের সাংগঠনিক কর্মব্যস্ততার কারণে। ২০১৩ সালে দেশের রাজনৈতিক সংকটের কারণে সম্মেলন হয়নি।
এবারের প্রস্তুতি...
প্রস্তুতি খুব ভালো। নাট্যকর্মীদের অংশগ্রহণে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। মূল পর্ব অনুষ্ঠিত হবে যশোর জেলা শিল্পকলা একাডেমীতে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক আয়োজন।
এবারের সম্মেলনে নাট্যকর্মীদের প্রাপ্তি...
এরই মধ্যে সম্মেলন প্রস্তুতি সভায় পরিষদের সংবিধানে দুটি সংশোধনী আনা হয়েছে। এখন থেকে কেন্দ্রীয় ও নির্বাহী পরিষদে ১০ জন নারী সদস্যের অন্তর্ভুক্তিকরণের বিধান করা হয়েছে। এ ক্ষেত্রে সাতটি বিভাগ থেকে থাকবেন সাতজন নারী এবং ঢাকা থেকে থাকবেন তিনজন।
নতুন পরিষদে নতুন মুখ...
কাল বিকেলের মধ্যেই হয়তো তা পরিষ্কারভাবে বলা যাবে। বিভিন্ন পদে এবার অনেক নতুন সদস্যের আগ্রহ দেখা যাচ্ছে। এবার পেশাদার নাট্যচর্চার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নাট্যচর্চা যেন সরকারের উন্নয়ন বাজেটের আওতায় আনা যায় সে বিষয়েও মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।
সুজাত শিমুল