‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আজ থেকে শুরু হচ্ছে ‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শিরোনামে আন্তর্জাতিক নাট্যোৎসব। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে নাট্যোৎসবের উদ্বোধন করবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম এবং আইটিআইয়ের ডিরেক্টর জেনারেল টোবিয়াস বিয়ানকোনে। উৎসবে একটি আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ ও কেরামত মওলা। এ সময় জানানো হয়, নাট্যোৎসব চলবে আগামী ৩ জুন পর্যন্ত। বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের কো-স্পনসর স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ।রামেন্দু মজুমদার বলেন, ‘নাটক সংস্কৃতির অন্যতম প্রধান শিল্পমাধ্যম। নাটকের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-বাস্তবতা উঠে আসে জীবন্ত রূপে। সারা বিশ্বের মানুষের জীবনের জয়গান উদাত্ত কণ্ঠে গেয়ে ওঠাই তো আমাদের শিল্পাদর্শ।’ নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শিরোনামে এই আয়োজন দেশ-বিদেশের নাটক, নাট্যকর্মী, শিল্পী ও নাট্যতাত্ত্বিকদের মিলনক্ষেত্রে পরিণত হবে—এই আমাদের প্রত্যাশা। তিনি জানান, ১৯৯১ সাল থেকে প্রতি দুই বছর পর পর এ ধরনের নাট্যযজ্ঞ ধারাবাহিকভাবে আইটিআই বাংলাদেশ কেন্দ্র কর্তৃক আয়োজিত হয়ে আসছে। এ বছরের আয়োজনে এশিয়ার নাটককে প্রাধান্য দেওয়া হয়েছে। কেরামত মওলা জানান, নাট্যোৎসবে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারতের দুটি দলসহ বাংলাদেশের ২১টি নাট্যদলের নাটকসহ সব মিলিয়ে ২৫টি নাটক মঞ্চায়িত হবে।