‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’ পাচ্ছেন ত্রপা মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’ পাচ্ছেন ত্রপা মজুমদার। ২২ সেপ্টেম্বর এস এম সোলায়মানের দশম মৃত্যুবার্ষিকী আর ২৯ সেপ্টেম্বর তাঁর ৫৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ‘এস এম সোলায়মান স্মরণ উত্সব’ আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। স্মরণ উত্সবের প্রথম দিন ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে ‘এস এম সোলায়ামান স্মারক বক্তৃতা’ দেবেন মান্নান হীরা। মঞ্চস্থ হবে আমিনা সুন্দরী নাটকটি। পরদিন স্টুডিও থিয়েটার চত্বরে এস এম সোলায়মানকে নিয়ে আলোচনা এবং গান করবেন তরুণ নাট্যকর্মীরা। সন্ধ্যায় এই মঞ্চে হবে কোর্ট মার্শাল নাটকের প্রদর্শনী।ঢাকা থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী জানান, ২০০৫ সাল থেকে এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই বৃত্তি পেয়েছেন আমিনুর রহমান, সাইদুর রহমান, কাজী তৌফিকুল হাসান, শাহাদাত্ হোসেন ও আনোয়ারুল হক। মোহাম্মদ বারী বললেন, ‘আমরা মনে করি, এস এম সোলায়মান ছিলেন তারুণ্যের প্রতীক। তারুণ্যনির্ভর নাটক করতেন তিনি। এ কারণে তরুণ মেধাবী ও সৃজনশীল নাট্যকর্মীদের উত্সাহিত করার জন্য এই প্রণোদণা বৃত্তি আমরা দিচ্ছি।’ ত্রপা মজুমদার বললেন, ‘আমার প্রধান কাজের জায়গা হলো মঞ্চ। মঞ্চের কাজটাকে ভালোবাসি, এখানে আজীবন কাজ করব। তাই এই জায়গাটা থেকে যখন কোনো স্বীকৃতি পাই, তখন সেই আনন্দ আর বলে বোঝানো যাবে না।’