অজস্র রচনায় বাংলার বর্ষাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনিন্দ সৌন্দর্যে ফুটিয়ে তুলেছিলেন। বৃষ্টির অজস্র জলধারায় পরিপুষ্ট তাঁর বিচিত্র রচনাসম্ভার। তবে শ্রাবণের দিকেই কবির নজর ছিল বেশি। ‘আজ শ্রাবণের আমন্ত্রণে/ দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে’—শ্রাবণ-বর্ষণে তিনি যেন পেয়েছিলেন মুক্তির ডাক। তারপর একদিন এই শ্রাবণেই তিনি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে।
গতকাল ছিল ২২ শ্রাবণ, ১৪২৪। কবিগুরুর ৭৬তম প্রয়াণবার্ষিকী। প্রয়াণবার্ষিকীতে তিনি ছিলেন রাজধানীজুড়ে। তাঁকে স্মরণ করে সব আয়োজনেই ছিল তাঁর লেখা গান, কবিতা ও নৃত্যনাট্য পরিবেশনা। টেলিভিশন চ্যানেলগুলোয় ছিল বহুমাত্রিক আয়োজন। কোথাও উচ্চারিত হয়েছে বিশ্বকবির অবিনাশী কবিতা। দিনভর নানা শিল্পীর সুরেলা ধ্বনিতে গীত হয়েছে রবীন্দ্রসংগীত। কোথাও বা প্রচারিত হয়েছে রবীন্দ্রনাথের লেখা নাটক। বিভিন্ন সরকারি-বেসরকারি বেতারেও হয়েছে নানা অনুষ্ঠান।