'এসো বিশ্বের সংগীতে কণ্ঠ মিলাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গতকাল বিকেলে শিল্পকলা একাডেমী থেকে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষেদর শোভাযাত্রা বের হয় l ছবি: প্রথম আলো
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গতকাল বিকেলে শিল্পকলা একাডেমী থেকে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষেদর শোভাযাত্রা বের হয় l ছবি: প্রথম আলো

লালন থেকে মোজার্ট, ভাওয়াইয়া থেকে রক, গিটারের পাশে একতারা— সংগীতের এক বিচিত্র সম্মিলন ঘটল শিল্পকলা একাডেমীতে। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গতকাল শনিবার সেখানে শুরু হলো দুই দিনের উৎসব। ‘এসো বিশ্বের সংগীতে কণ্ঠ মিলাই’ স্লোগানে যৌথভাবে উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
গতকাল বৃষ্টিস্নাত বিকেলে শিল্পকলা একাডেমীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবের শুরু হয়। এরপর নবীন-প্রবীণ সংগীতশিল্পীর অংশগ্রহণে ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র ও দেশ-বিদেশের বরেণ্য শিল্পীদের ছবিসংবলিত প্ল্যাকার্ড সহযোগে বের হয় বর্ণিল শোভাযাত্রা।শোভাযাত্রা শেষে উৎসব যাঁদের নামে উৎসর্গ করা হয়েছে, একাডেমী প্রাঙ্গণে তাঁদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়৷ এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে কণ্ঠশিল্পী ও গীতিকবি কে এম চাঁদ মিয়া, কণ্ঠশিল্পী বশীর আহমেদ, কণ্ঠশিল্পী আজাদ হাফিজ এবং সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক কিশোর কুমার দাসকে। সংগীত দিবসের ঘোষণাপত্র পাঠ করে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগীতগুরু সুধীন দাস। এ সময় বেজে ওঠে বাউলের একতারা আর আকাশে উড়ল রঙিন বেলুন। প্রথম দিনের আয়োজনে ছিল আলোচনা সভা, রাখিবন্ধন, সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান। সান্ধ্যকালীন সংগীতাসরে ছিল একক ও দলীয় গানের পরিবেশনা।
সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথি ছিলেন সুধীন দাস। পরিষদের সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আব্দুল হাদী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
আজ রোববার একই সঙ্গে একাডেমীর জাতীয় নাট্যশালা এবং সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে চলবে অনুষ্ঠান।