'এসো মিলি সবে নবান্নের উৎসবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ জীবনে আনন্দের উপলক্ষ হয়ে আসা নবান্নের আবহ তুলে ধরা হয় দলীয় নৃত্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরে গতকাল আয়োজিত নবান্ন উৎসবে শিল্পীরা l ছবি: প্রথম আলো
গ্রামীণ জীবনে আনন্দের উপলক্ষ হয়ে আসা নবান্নের আবহ তুলে ধরা হয় দলীয় নৃত্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরে গতকাল আয়োজিত নবান্ন উৎসবে শিল্পীরা l ছবি: প্রথম আলো

আনন্দ, উল্লাস, হই-হুল্লোড়, আপ্যায়ন ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে গতকাল শনিবার দিনব্যাপী রাজধানীসহ সারা দেশে উদ্যাপিত হয়েছে নবান্ন উৎসব। জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদ্যাপিত হয়েছে রাজধানীর সবচেয়ে বৃহৎ নবান্ন উৎসব।
‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই ছিল এবারের স্লোগান। উৎসবে ছিল উপচে পড়া মানুষের ভিড়। অগ্রহায়ণের আকাশে সূর্য ওঠার খানিক পরেই রাখালিয়া বাঁশি, ঢাকঢোল, একতারা আর দোতারার সমন্বিত সুরে মুখর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। উৎসবপ্রিয় মানুষ এসেছিল বর্ণিল পোশাকে। লোকজ আমেজে উৎসবমুখর ছিল নবান্ন উৎসব।
সকাল সাড়ে সাতটায় বাঁশিবাদনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বাঁশির সঙ্গে ছিল তবলাসহ বিভিন্ন ধরনের দেশীয় বাদ্যযন্ত্রের অনবদ্য পরিবেশনা। অনুষ্ঠানে ‘আয় রে ছুটে’ গানসহ দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ। সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ভাবনা, গীতিমায়া, উদীচী, নন্দন কলাকেন্দ্র, বহ্নিশিখা ও স্পন্দন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন আবুবকর সিদ্দিক, স্বপ্নীল সজীব, সীমান্ত সজল প্রমুখ।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম প্রমুখ। উৎসবের উদ্বোধনপর্ব শেষে ছিল নবান্নের শোভাযাত্রা।